উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা: দুটি তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের পাশে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুটি তদন্ত কমিটির সদস্যরা।

এ ছাড়া সোমবার সকালে তারা ট্রেন দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্যও গ্রহণ করেন।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তিনটি কমিটির সদস্যরা সরেজমিন গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে উল্লাপাড়া রেলস্টেশন মাস্টারের অফিস কক্ষে বসে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের একে একে ডেকে এ গণমন্তব্য গ্রহণ করেন।

এ বিষয়ে উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, পশ্চিমাঞ্চল রেল বিভাগ, রাজশাহী বিভাগীয় প্রধান কার্যালয়ের তদন্ত কমিটির প্রধান চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মৃণাল ক্রান্তি বণিক, চিফ ইঞ্জিনিয়ার আবু ফাত্তাহ মো. মাসউদুর রহমান, চিফ টেলিকমিউনিকেশন ও মেকানিক্যাল সুপারেনটেনডেন্ট সুনীল কুমার হালদার, পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক গঠিত কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় গঠিত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ, সদস্য উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও উল্লাপাড়া সার্কেল এএসপি গোলাম রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে বিভাগের তদন্ত কমিটির প্রধান চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম বলেন, আমরা সরেজমিন গিয়ে তদন্ত করছি। তদন্তের অংশহিসেবে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মন্তব্যও নিয়েছি। যথাসময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য,গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ৬ বগি লাইনচ্যুৎ হয়। এ ছাড়া তেলের ট্যাংক ফেটে ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইঞ্জিন,পাওয়ারকার ও ২টি এসি বগি পুড়ে যায়।

এ সময় ঘটনাস্থলের ৫০০ মিটার রেললাইন উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ রেললাইনের মেরামত কাজ চলছিল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.