এডিনবরা ইউনিভার্সিটিতে কবি নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা আগামী ৯ অক্টোবর বুধবার এডিনবরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা ‘নজরুল স্মরণে‘। এডিনবরা-স্থিত পশ্চিমবঙ্গের বাঙালী কমিউনিটি, থিছল শাপলা কালচার্যাল গ্রুপ এবং বাংলা স্কট নিউজের যৌথ উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে এই জাতীয় একটি অনুষ্ঠান। স্থান: ৫০ জর্জ স্কোয়ার, এডিনবরা ইউনিভার্সিটি, সময়: বিকেল ৫.৩০ ঘটিকা। অনুষ্ঠানে মূল আকর্ষণ কলকাতার স্বনামধন্য নজরুল সঙ্গীতশিল্পী ও নজরুল গবেষক এবং ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিকের পরিকল্পনায় বিশেষ নিবেদন ‘‘গাহি সাম্যের গান”। এতে থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি এবং নজরুল সঙ্গীত। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক একটি ডকুমেন্টারী ফিল্ম ‘‘নজরুল জীবন পরিক্রমা” প্রদর্শিত হবে। তথ্যচিত্রটির পরিচালক হলেন মুজিবর রহমান। উক্ত অনুষ্ঠানকে সফল করতে গত ২৯শে সেপ্টেম্বর রবিবার এডিনবরাস্থ ইস্টার্ন প্যাভিলিয়ন রেস্টুরেন্টে আয়োজিত হয় এক পরিকল্পনা সভা। এতে উপস্থিত ছিলেন সোমঋতা মল্লিক, থিছল শাপলা কালচ্যারাল গ্রুপের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, বাংলা স্কট নিউজের সম্পাদক মিজান রহমান এবং অনুষ্ঠানের আয়োজক এডিনবরা ইউনিভার্সিটির ড. সুমিত কোণার। স্কটল্যান্ডে বসবাসরত দুই বাংলার বাংলাভাষী কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এ জাতীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত তবে রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক। উক্ত অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হতে আগ্রহীদের অতি সত্বর আয়োজকদের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে সোমঋতা মল্লিক বর্তমানে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ড সফরে রয়েছেন, তিনি লন্ডনেও একটি অনুষ্ঠানে অংশ নেবেনে এবং নজরুল ভক্তদের সাথে যুক্তরাজ্যে নজরুল চর্চা নিয়ে মতবিনিময় করবেন ।
শুদ্ধস্বর/এইচ বি

