শুল্ক ফাঁকি ও চোরাকারবারের সঙ্গে জড়িত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট মিজানুর রহমান চাকলাদার (দীপু) অবস্থান দেশে না কি বিদেশে তা খোঁজ বের করে জানাতে ক্রিমিনাল ইনভেস্টিগেশনকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে মিজানুর রহমানের সকল সম্পদ ও ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি অ্যাটর্নজেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মিজানুর রহমান চাকলাদারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশিদ আলম খান।
এর আগে মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজের সাবেক ২ কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৭৭টি চালান অবৈধভাবে খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তদন্তে ওঠে আসে। পরে তাকে আসামি করে গত ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
মামলায় সে দিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দারা। পরে গত ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া।
ওই জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে বাদিপক্ষ। আদালত গত ২৫ জুন তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু মিজানুর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ না করে দায়রা জজ আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হওয়ার পর গত ১০ জুলাই তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন।
এরপর মিজানুর রহমান হাইকোর্টে জামিন আবেদন করে গত ১৪ জুলাই জামিন পান। কিন্তু সে জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। আবেদনের ওপর গত ২৮ অক্টোবর শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে মিজানুরকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
তবে এ আদেশের বিরুদ্ধে মিজানুর রহমানের আবেদন আপিল বিভাগে গেলে চেম্বার আদালতের আত্মসমর্পণের আদেশ বহাল রাখেন আদালত। এরপরও মিজানুর রহমান বিচারিক আদালতে আত্মসমর্পন না করায় হাইকোর্ট তার অবস্থান জানাতে সিআইডকে এ নির্দেশ দিলেন।
শুদ্ধস্বর/আেইকে

