পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলেন ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

দেশের ক্রিকেট সঠিক কক্ষপথে নেই। বিপিএলে পারিশ্রমিক কমছে ক্রিকেটারদের! চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাদের ম্যাচ ফি বাড়েনি! অন্য সুযোগ-সুবিধাও পাচ্ছেন না তারা। গত কয়েক বছরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাদের পারিশ্রমিক কমেছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এগুলোসহ আরও অনেক দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। এতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। সোমবার বিকালে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি ১ লাখ টাকা দাবি করেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।

এসময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল, আবু হায়দার, সাব্বির থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজাও যোগ দিতে পারেন এ প্রতিবাদে।

এদিন দুপুরে বিসিবিতে এসে জমায়েত হন ক্রিকেটাররা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান তারা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খেলোয়াড়রা। দাবি-দাওয়া না মানলে ধর্মঘটে যাবেন তারা।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.