জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন ৬৫ জন ট্রেনযাত্রী। আহত অন্তত ১৫ জন। এই বিধ্বংসী দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাবের রহিম ইয়ার খান এলাকার কাছে লিয়াকতপুরে। নিহতরা সবাই তেজগাম এক্সপ্রেসের যাত্রী ছিলেন। রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল ট্রেনটি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটে। কিছু যাত্রী চলন্ত ট্রেনে জলখাবার তৈরি করছিলেন। তখনই তাঁদের রান্নার সময় সিলিন্ডার ফেটে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনটি কামরায়।
দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারপর্ব। প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুন থেকে বাঁচার জন্য ট্রেন থেকে লাফ দিয়েও প্রাণ হারিয়েছেন অনেক যাত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের জন্য সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের রেলমন্ত্রণালয়ের বিরুদ্ধে বারবার গাফিলতির অভিযোগ উঠেছে। জুলাই মাসে ১১জন এবং সেপ্টেম্বরে চারজনের প্রাণহানি হয়েছে দুর্ঘটনায়। পাশাপাশি, এর আগেও ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে। ২০০৫ সালে পাকিস্তানের সিন্ধ প্রদেশে একটি ট্রেন আর একটি ট্রেনে ধাক্কা দিলে প্রাণ হারান ১৩০ জন।
শুদ্ধস্বর/এস এ কে

