হাঁট টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম
তাদের খাঁড়া দুটো শিং, হাঁট টিমা টিম টিম।
সবার জানা ছড়াটি কেন বললাম? সে কথায় আসি।১৯৭৯ সালে লালবাগ ছেড়ে স্থায়ীভাবে বসবাসের জন্য আমরা মিরপুর শ্যাওড়াপাড়ায় আসি। সেই সময়ে সমগ্র শ্যাওড়াপাড়ায় হাতে গুনে গোটা কয়েক বাড়ি ঘর হবে। যৌবনের সেই সময়ে শ্যাওড়াপাড়াটি ছিলো সত্যি শান্তির বসবাসের অভয়ারণ্য। চারিদিকে খোলা মাঠ ঘাট আর নিবির বাতাস। আজকের শ্যাওড়াপাড়া ইট পাথরের ঘিঞ্জি এলাকা, চারিদিকে মানুষ আর মানুষ, এটা অবশ্য বর্তমানে দেশের কোথায় নয়, ১৮ কোটি মানুষের দেশ। হঠাত্ নিজ এলাকার কথা আসায় একটু আবেগের তাড়নায় এত কিছু বলে ফেললাম। যাক সে কথা।
সময়টি সঠিক মনে নেই, সম্ভবত ৮৩/৮৪ সালের কথা। সেই সময়ে পূর্ব -শ্যাওড়াপাড়া জামতলায় প্রথম মসজিদ হলো। যাহোক, মসজিদে ফজরের নামাজ শেষে ছোটো ছোটো কয়েকটি ছেলে/মেয়ে আরবি পড়তে আসে। প্রতিদিন নয় , তবে প্রায় সময় একটি ইয়াং ছেলেকে দেখতাম ( বয়স ২০-২৫ হবে) এই মসজিদে ফজরের নামাজ পড়তো। আমার নিজের সাথেও অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। নামটি মনে নেই, নামটি বলতে পারলে পূর্ব শ্যাওড়াপাড়ার সেই সময়ের অনেকেই হয়তো চিনতো। চমত্কার ও অমায়িক ছিলো তার ব্যবহার । কোনো এক ভোরে , সকাল সাত/সাড়েসাত হবে, সেই ছেলেটি জামতলায় জাম গাছের নিচে হাটু গেড়ে বসে, কিছু ছোটো ছেলে/মেয়েদের ( সর্বমোট চার – ছয় জন, বয়স আট-দশের হবে) সাথে কথা বলছে। আমি সেই সময়ে পিছন থেকে এসেছি, ঠিক তার পিছনেই দাঁড়িয়ে সে কি বলছে শুনছি। আমি যে দাঁড়িয়ে আছি, সে দিকে তার কোনো খেয়াল ছিলো না। আমি যা শুনলাম, সেটাই উপরের ছড়াটি এবং অন্য আরো যে কথা, তা হলো, এই ছড়াটিকে ব্যঙ্গ করে বলছে, কি সব বাজে কবিতা, টিম টিম টিম! এগুলো কোনো কবিতা হলো। শিক্ষনিয় কিছুই নাই, ইত্যাদি, ইত্যাদি । এই সব কথা বলেই শুরু করলো আমাদের নবিজীর কথা। নবিজী আর বুড়ির গল্প ( পথে কাঁটা বিছিয়ে রাখার গল্প )গল্পটি সবার জানা বলেই আর বললাম না। আমি লক্ষ্য করলাম কি মোলায়েম সুরে বাচ্চাদের গল্প বলছে আর বাচ্চারা মনোযোগ দিয়ে হা করে তার কথা শুনছে। সেই ছেলেটির সমন্ধে আরো কয়েক সপ্তাহ পরে জানতে পরেছিলাম সে ছিলো শিবিরের একনিষ্ঠ একজন কর্মী। তার কয়েক সপ্তাহ পর থেকে ছেলেটিকে আর দেখা পেতাম না।
এই কাহিনীটি বলার কারণ হলো, জামায়াত-শিবিরের লোকেরা এই ভাবেই ছোটো বাচ্চাদের মাথা ছোটো বেলা থেকেই ধোলাই করার চেষ্টা করে। তারা দেশের প্রতিটি আনাচে-কাঁনাচে এই ভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। মসজিদ মাদ্রাসাকে তারা শতভাগ ব্যবহার করে । কেননা, এই প্রার্থনার জায়গাতো সবার জন্যেই খোলা। সুতরাং সেই সুযোগটিকেই বেশি কাজে লাগায়, এটা নেহাত প্রমাণীত সত্য । এই সুযোগটি তারা সমগ্র বাংলাদেশের গ্রাম-গঞ্জ, হাট-বাজার, জেলা-উপজেলা, পাড়া-মহল্লা এমনকি শহরের সর্বত্রই কাজে লাগায় । সাথে থাকে প্রধান অস্ত্র ধর্মের প্রতি মানুষের দূর্বলতা, সম্মান, অঘাত বিশ্বাস এবং নমনীয়তা। এটা সবারই জানা যে, ধর্ম দিয়েই তারা শরু করে এবং অল্প বয়সিদেরকে অমায়িক ব্যবহার দিয়ে একেবারেই কাছে টেনে আনে, নিজেদের আপন মানুষ বানিয়ে ফেলে, পরবর্তীতে ধীরে ধীরে নিজেদের মওদুদিবাদের আদর্শকে চরমভাবে ছড়িয়ে দেয়। ওরা ছোটো বেলার পরিষ্কার মনের মানুষদের কে এমনভাবে মগজ ধোলাই করে যে, সেই মগজে আর ভিন্ন এবং সত্যিকারের ভালো কিছুই প্রবেশ করানোটা অসম্ভব হয়ে পরে। ফলাফল হয় এমন যে, প্রয়োজনে তাদেরকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কট্টরপন্থীতে রূপান্তর করে ফেলে। পরবর্তীতে দেখা যায়, সেই পরিষ্কার মনের ছেলে-মেয়েরা এতটাই ভয়ানক রূপান্তরিত হয় যে, তারা আজীবনের জন্যেই জামায়াত-শিবিরের একনিষ্ঠ সদস্য হয়ে পরে। অতঃপর জীবনের পরিপক্বতার পরেও আর ভিন্ন কিছুকেই এরা বিশ্বাস করতে পারে না এবং প্রয়োজনের ক্ষেত্রে এরাই ভয়ানক হয়ে হাজির নাজির হয়।
রাজনীতিতে জামায়াত শিবিরের মানুষেরা বরাবরই ভালো ও অমায়িক ব্যবহার দিয়েই ভিন্ন মানুষদেরকে নিজেদের দলে ভিরায়। সাথে ধর্ম পালনে নিজেরাও বেশ তৎপর থাকে এবং একজন নামজি ও সৎ মানুষ হিসেবেই নিজেকে তুলে ধরার চেষ্টা করে । নামাজ/রোজা/হজ্ব/জাকাত ধর্মের এই একনিষ্ঠ বিষয়গুলোই হয় তাদের কর্মকাণ্ডের প্রধান অস্ত্র । এরা নামাজ/রোজা দিয়ে মানুষের মনে একজন সঠিক মুসলমান হিসেবে হাজির হয়। আর সাধারণ মানুষেরা তাদের নামাজি আমল আর ব্যবহারে আপ্লুত হয়ে তাদেরকেই সবচাইতে সঠিক ভাবতে থাকে। অতঃপর এরা তাদের কর্ম যা করার সেটা খুব সহজেই করে নিতে পারে।
বিপরীতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মানুষের ব্যবহার আর কর্মকা হয় একেবারেই বিপরীত ধর্মী। তাদের মত অমায়িক তো হয়ই না , বরং হয় এগ্রেসিভ ও রূঢ়তার । তার প্রমাণ পাড়া-মহল্লা বা কলেজ-বিশ্ববিদ্যালয়ে শতভাগ পাওয়া যায় । সব জায়গাতেই হুমকি-ধামকি কিংবা গায়ের জোরে সবকিছু করা। জামায়াত-শিবিরের লোকেরা দীর্ঘ ও লম্বা সময়ের টার্গেট নিয়ে দলে কর্মী সংগ্রহ করে এবং মনোবৃত্তিকে শতভাগ নিশ্চিত হয়েই ধীরে ধীরে তাদের মতাদর্শের চালান করে । আর পদ্ধতিটি ইসলামিক নানান বই-পত্র বিলি করা , সেই ফাঁকে ফাঁকে নিজেদের আদর্শের বইগুলোও ধীরে ধীরে তাদের মাঝে ছড়িয়ে দিয়ে একনিষ্ঠ কর্মীতে তৈরি করে নেয়। আর সাধারণ গণতান্ত্রিক দলগুলোর মধ্যে দু-চারটি বামদল ছাড়া আন্যকোনো দলের কর্মীরা নিজেদের গঠনতন্ত্রের বিষয়েও একটি বই পায় না, আদর্শের বইতো দুরের বিষয় । এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোরই মোটামুটি জানা আছে, তারপরেও তাদের কর্মপদ্ধতির কোনো পরিবর্তন হয় না। ফলে সাধারণ রাজনৈতিক দলগুলোর কর্মীবাহিনী জামায়াত-শিবের মত দলের কর্মীবাহিনীর মত একনিষ্ঠ কর্মী হতে পারে না। বাম-ডান বা গণতান্ত্রিক দলগুলোর রাজনৈতিক কর্মীদের যতটা পড়াশোনা করা প্রয়োজন, সেটা তো আজকাল করেই না বরং ভাই বা নেতার রাজনীতিই এখন বেশি প্রতীয়মান হয়। কর্মীদের জন্য কর্মশালা/ সেমিনার/ কম্পোজিয়ম বা রাজনৈতিক জ্ঞাণ চর্চার জন্য কোনো কর্মই দেখা যায় না। এত এত গণতান্ত্রিক দল অথচ কোনো রাজনৈতিক দলগুলোর অফিসে একটি লাইব্রেরির ব্যবস্থা নাই এমন কি রাজনৈতিক দলের জ্ঞাণ চর্চার কোনো বন্দবস্তও নাই । ফলাফল স্বরূপ নির্ভীক, সৎ রাজনৈতিক কর্মী বা নেতা শূন্য বর্তমানের গণতান্ত্রিক দলগুলো ।
লেখার শেষে বলি, এই স্বাধীন দেশে যারা এখনও মনে করে জামায়াত-শিবিরের কবর হয়ে গেছে, তারা রাজনীতির রটিও এখন অব্দি রপ্ত করতে পারেনি। বরং সময়ে দেখা যাবে এই ভয়ানক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিকট বিশেষ করে এই জামায়াত-শিবিরের নিকটেই না একদিন কবরে চলে যায় । তাই বলছি, এখনও গণতান্ত্রিক দলগুলো সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে, এক সময় জামতলার জামায়াত-শিবির আর জামতলায় থাকবে না ( বর্তমানে বহুদূর ছড়িয়েছে বলেই মনে হয়) সমগ্র দেশকেই গিলে খাবে। তখন কান্না ছাড়া আর উপায় থাকবে না। সুতরাং সময়েই সাবধান হওয়া সময়ের দাবী।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম।

