লিঞ্জ শহর থেকে মাত্র ৭৩ কিলোমিটার দুরে, ওবার ওষ্তারাইখ ( জার্মানি ভাষায়- Ober Österreich ) প্রদেশেরই একটি নিরিবিলি, পাহাড়ে ঘেরা, সবুজের সমারোহ আর নীলজলের আকর্ষণীয় শহর গমুন্দেন । অবশ্য শীতকালে এই সবুজের কোনো ছোঁয়া থাকে না, তখন বরফে ঢাকা সাদা চাদরের অন্য এক পরীর রুপ পায়। এই শহরটির চারপাশেই পাহাড় আর মাঝখানে ও পাশ দিয়ে বয়ে গেছে নীলজলের হ্রদ বা লেক। যদিও জার্মানি ভাষায় বিভিন্ন ব্যাখ্য ও সংজ্ঞায়নের কারণে এটাকে সি ( Sea) বলা হয়, তবে আমাদের উথাল সমুদ্রের সাথে ভীষণ অমিল। শুধু একটু পরিষ্কার করে বুঝবার জন্য বলি, জার্মানি ভাষায় সমুদ্র (মেয়ার ‘Das meer ) বলতে প্রকৃত পক্ষে আমাদের সমুদ্রকে বুঝানো হয়।

শহরটি আয়তনে ৬৩, ৫৫ কিলো স্কোয়ারমিটার মাত্র , জনসংখ্যা পহেলা জানুয়ারি ২০১৯ সালের হিসেবে ১৩,১৫৮ জন মাত্র । উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ ( হবে হ্রদ) থেকে ৪২৫ মিটার উপরে। তাপমাত্রা ঋতু বুঝে ওঠানামায় থাকে। এই শহরের আশেপাশে আরো কতগুলো ছোটো ছোটো শহর ও হ্রদ আছে, যেমন : আল্টমুন্সটারসে (হ্রদ), এবেনসে (হ্রদ) , সেগুলোও বেশ আকর্ষণীয় স্থান । তবে আজকে এই গমুন্দেন শহর ভ্রমণের বিষয়ে কিছু বলার প্রয়াস মাত্র ।
গমুন্দেন শহরটি ত্রাউনসে, হ্রদের পাশে। এই ত্রাউনহ্রদের গভীরতা ১৯১ মিটার পর্যন্ত, গড় গভীরতা ৯১ মিটার এবং দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার। এটা ওবার ওষ্তারাইখের ( প্রভিন্স) সর্ব বৃহত্তম হ্রদ ” আটারসে ” হ্রদের পরেই দ্বিতীয় স্থানে আছে। এটি অবসর সময়ের জন্য আড়ম্বরপূর্ণ শহর। সিরামিক ও পুরাতন পাথরের সমারোহের শহরটিতে নিরিবিলি পরিবেশে উপভোগ্য বেশ । শহরটির নিজস্ব কিছু সংস্কৃতি আছে। রোমান্টিক ও একই সাথে প্রাণবন্ত এই শহরের মনোমুগ্ধকর পরিবেশ অষ্ট্রিয়ায় ট্যুরিস্টদের বেশ আকর্ষণীয় স্থান। এমনকি এর আশেপাশের বসতি বা দূরদূরান্ত থেকে জন মানুষেরা জীবন যুদ্ধে দ্রুত চলার পথে, নিজেকে একটু রিল্যাক্সড করার জন্য প্রায়শই এই শহরটিকেই বেছে নেয় ।

ত্রাউনহ্রদের পাশেই একটি সুউচ্চ পাহাড়ের নাম ত্রাউনস্টাইন , সমুদ্রতল ( হবে হ্রদ) থেকে ১৬৯১ মিটার উঁচু । এই পাহারটি গমুন্দেনের পূর্বের দিকে অবস্থিত । এই পর্বতটি থেকে সমগ্র ওবার ওষ্তারাইখ দেখা যায়, দেখা যায় হ্রদের মনোরম দৃশ্য । এই পর্বতটিকে সমগ্র সাল্জকামারগুট ( আশেপাশের হ্রদ ও পাহাড় এলাকা নিয়েই নাম সাল্জকামারগুট ) এর অভিভাবক হিসেবে আক্ষায়ীত করা হয়।

সাল্জকামারগুট এর গমুন্দেন শহরের একটি ছোট্ট দূর্গ আছে, যেটা” শ্লোসওরথ ” দূর্গস্থান হিসেবে চিহ্নিত । ইতিহাসে দেখা যায়, মধ্যযুগ ও প্রারম্ভিক আধুনিক সময়কালে এই শ্লোসওরথ প্রথম ৯০৯ সালে ও তারও পরে ১০৫৩ সালে নথিবদ্ধ হয়েছিলো। পুরাতন নথিপত্র ঘাটলে দেখা যায়, এটা পানিরদূর্গ, ক্ষণস্থায়ী বা শঙ্কিত দূর্গ ছিলো।

১৬২৬ সালে এই দূর্গটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিলো এবং সেটার পূর্ণ সংস্করণ বা পুনর্নিমাণ এর পরে বর্তমানের আঁকার পায়। দ্বি-পার্শ্বযুক্ত দ্বিতল আর্চওয়ে এবং বহুমুখী সিঁড়ি ও ত্রিভুজাকার উঠোনের মত দেখতে। ইতিহাস ঘাটলে দেখা যায়, ষোড়শ শতাব্দীর শেষে গমুন্দেন শহর এই দূর্গটি নিজেদের প্রভিন্সের অংশ করতে তত্কালীন রাজতন্ত্রের কাছ থেকে কিনেছিলো ( একটি বড় ইতিহাস আছে ) এবং পরবর্তীতে লবনের ব্যবসা করে বেশ ধনী হয়ে উঠে। এই কেনাবেচার ইতিহাস ১৬০৩ সালের হার্বসবার্গ সম্রাট দ্বিতীয় রুডলফের সময়কার।
গ্রুনবেয়ার্গ ( সবুজ পর্বত ) গমুন্দেনের বিশেষায়িত একটি পর্বত । সমুদ্রপৃষ্ঠ থেকে ৯৮৪ মিটার উপরে। এই পর্বতটি গমুন্দেনের দক্ষিণ পূর্বে অবস্থিত । ত্রাউনস্টাইন থেকে আড়াআড়ি ৩ কিলোমিটার । এই পর্বতটির আশেপাশে আছে, আল্মথালার ( পর্বত) ও ক্রিকদর্ফার ফ্লুসবেয়ার্গ (পর্বত) ও আলপেন ( উচ্চতায় সবুজ মল )।

গ্রুনবেয়ার্গ পর্বতে উঠার জন্য একটি ইলেকট্রিক লিপ্ট আছে, কেব্লকার। যে লিপ্টটি ইলেকট্রিক তারের উপরে ঝুলে উপরে উঠতে থাকে। এটি বর্তমানে সর্বশেষ আধুনিক প্রযুক্তির একটি নিরাপদ পরিবহন । এই কেব্লকারটি অতি নিরাপদে ও আরামদায়ক এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০৪ মিটার পর্যন্ত উপরে দুটি কেবিনের সাথে চলাচল করে। দুটি কেব্লকারে একসাথে ৩০ জন করে ৬০ জন অতিথি উঠা নামা করতে পারে ।

এই পর্বতে গ্রীষ্মকালে অনেক ধরনের অ্যাডভেঞ্চারের সুবিধাদি আছে। যেমন, স্লেজগাড়ি ( এটা তারের উপরে এক ধরনের চেয়ারে দ্রুত চলাচল করা) , লুকোচুরি খেলারাঠ, রশি বেয়ে নিচে নামার সরঞ্জাম, পুরো পরিবারের জন্য বিস্তৃত হাইকিংনেট ( ঝুলন্তজাল) সহ নানান বিনোদনের ব্যবস্থা ।
এই পর্বতে একটি বিশাল টাওয়ার আছে। টাওয়ারটি সম্পূর্ণ কাঠের তৈরি । এই টাওয়ারের উচ্চতা ৩৯ মিটার, ব্যাসার্ধে ২১ মিটার । এই টাওয়ারে ১০০০ স্কোয়ারমিটারের উপরে কাঠ ও ২৬০ টন লোহার ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এই টাওয়ারের উপরে পায়ে হেটে হেটে উপরে উঠতে হয়, এটা শারীরিক চর্চার বেশ ভালো একটি দিক বটে। এই টাওয়ারের উপর থেকে সমগ্র গমুন্দেন দেখতে বেশ আকর্ষণীয়। গ্রুনবেয়ার্গে বর্ণিল বনের ( বর্তমানে সবুজ ও স্বর্ণালি রঙের ঝরা পাতা ) ভিতর দিয়ে চমত্কার সব সরু ও খাঁড়া মেঠোপথ আছে, সাথে বন।

এই পর্বতের চূড়ায় একটি আঞ্চলিক সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের ভিতরে যেমন বসার অনেক সুন্দর জায়গায় আছে, পাহাড়ের চূড়ায় বিশাল এক বাগানেও বসার অনেক জায়গা আছে।
এটা অনেকটা ঝুলন্ত ব্যালকনির মত। এই ব্যালকনিতে বসে পাহাড়ের চারিপাশের উপর থেকে নিচে অসাধারণ সব দৃশ্য বেশ উপভোগ্যময়। এই রেস্টুরেন্টে সব ধরনের পানাহার যেমন আছে ( অ্যালকোহল থেকে শুরু করে সব ধরনের ড্রিংস) তেমনই আছে আঞ্চলিক সব ধরনের খাবারের ব্যবস্থা । তবে ট্যুরিস্টদের জন্য বিশেষ কিছু খাবারের ব্যবস্থা আছে , যেমন ফ্রাইড মুরগি বা হটচিপস্ ইত্যাদি । যেন আঞ্চলিক খাবারে অসুবিধে হলে পরিচিত খাবার নিতে পারে।

গমুন্দেনের এই পাহারটি আমার দেখা অনেকগুলো পাহাড়ের মধ্যে বিশেষ একটি পাহাড় । আমি ব্যক্তিগতভাবে অনেকবার এই পাহাড়টির চূড়ায় উঠেছি এবং যতবার যাওয়া হয়েছে, ততবারই নতুন কিছু দেখেছি, নতুনভাবে উপভোগ করেছি।
অষ্ট্রিয়ায় আমার সকল অতিথিদের সম্ভব হলেই এই পাহাড়ে ঘুরিয়ে আনি। গত তিনদিন পূর্বে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে সন্দেশ প্রকাশনীর লৎফর রহমান লিঞ্জ শহরে তার বন্ধু লৎফুল হায়দারের নিকট বেড়াতে এসেছিলো। দুদিন ছিলো এই শহরে। এই দুদিন আমার বন্ধু লৎফুল হায়দার ( বাবলু) ও লৎফর রহমানকে সাথে নিয়ে এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে শেষের দিন হাতে লম্বা সময় নিয়ে ( সারাদিন) গমুন্দেনের পাহাড়ে গিয়েছিলাম ।

সমগ্র গমুন্দেন শহরের ঐতিহ্যবাহী জায়গায় ঘুরে, সব শেষে বিকেলের দিকে এই পাহাড়ের চূড়ায় । আবহাওয়ার দিক দিয়ে দিনটিও ছিলো মনের মত, চমত্কার রোদ্দুরের দিন, বিকেল হলেও পাহাড়ের চূড়ায় রোদ্দুরের কোনো অভাব তো ছিলোই না বরং বেশি তাপমাত্রার রোদ্দুর ছিলো। পাহাড়ের চূড়ায় টুকিটাকি ঘুরে সেই আঞ্চলিক রেস্টুরেন্টের ব্যালকনিতে বেশ ভালো তাপের রোদে বসে গল্পগুজব করা, সাথে পানাহার। এত চমত্কার আবহাওয়ায় ব্যালকনি থেকে উঠে আসাটাই ছিলো অসম্ভব । এমন উঁচুতে, এমন ফ্রেশ হাওয়ায়, সাথে কড়া রোদ আর অনাবিল দৃশ্য , এমন সবুজের সমারোহ , আবার পুরনো বন্ধুর মোলাকাত , সঌ মিলিয়ে কে না বসে থাকতে চায়। অনেকক্ষণ বসে থেকে অতঃপর আবার সেই কেব্লকারের সাহায্য নিচে নেমে আসা। অবিশ্বাস্য হলেও সত্য, ইউরোপীয়ানরা এই পাহাড়ে সাইক্লিং করে উঠে আসে। খাঁড়া সাইক্লিং এর রাস্তা আছে, তবে সেই সাইক্লেলটি হতে হবে শতভাগ নিশ্চয়তার পাহাড়ে উঠার জন্য উপযোগী বিশেষ সাইক্লেল। অনেকে পায়ে হেঁটে উপরে উঠে, পায়ে হাঁটার জন্যেও বেশ ব্যবস্থা আছে। সাইক্লিং বা পায়ে হেঁটে উঠতে হলে, আপনাকে অবশ্যই একজন ভালো মানের স্পোর্টিং পার্সন হতে হবে। সত্যি বলতে দিনটি খুবই দ্রুত ফুরিয়ে গিয়েছিলো। সময় যে কোথা দিয়ে গড়িয়ে শেষ হয়েছিলো, কেউ টের পাইনি। সন্ধ্যার পরে আবার হাইওয়েতে গাড়ি চড়িয়ে দিয়ে বাংলার বাউল সঙ্গীত শুনতে শুনতে ফিরে এলাম লিঞ্জ শহরে। বন্ধুর বন্ধু আর আমি , তিনজনেরই দিনটি নিশ্চিত অনেকদিন স্বরণে থাকবে। সত্যি বলতে , পাহাড়ের একটি বৈশিষ্ট্য আছে, আপনাকে নিজের করে নিতে পারে। একবার পাহাড়ে উঠেছেন তো আপনাকে বারবার ডাকবে । আপনিও সেই ডাকে সাড়া দিয়ে আবার সেই পাহাড়ের চূড়ায় কোনো একদিন। পাহাড়ের হাতছানিতে হয়তো আবার কোনো অতিথিকে নিয়ে ছুটে যাবো গমুন্দেনের গ্রুনবেয়ার্গ পাহাড়ে।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম।

