শিশুবক্তা, সীমা-পরিসীমা এবং তামাশার ওয়াজ

“কথার ওজন” বলে একটা কথা আছে, আবার “নিজের ওজন বুঝে কথা বলা” , ” ছোটো মুখে বড় কথা “, “অতিরিক্ত কথা ” , বিরক্তিকর কথা” , ” বাড়াবাড়ি কথা “ এরকম নানান  কথা আছে।  কথায় বলে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেড় হয়ে গেলে, আর ফেরানো যায় না। উপরের কথাগুলো বলার কারণ, আজকাল দেশে বেশ ওয়াজ মাহফিল হয়। পূর্বেও যে হতো না, এমনটি নয়। তবে আজকাল মনে হচ্ছে মাত্রাটি একটু বেশীই বটে। এর পিছনেও নানাবিধ কারণ আছে। সেই কারণ গুলোর একটি প্রধান কারণ সম্ভবত অবৈধ উপার্জন। লক্ষ্য করলে দেখা যায়, কেউ একজন হঠাত্ অধিক টাকার কুমির হয়েছে, বেশ তিনি বা সেই জন প্রথম যে কাজটি করেন, সেটা হলো হয় একটি মসজিদ অথবা একটি মাদ্রাসা দান করেন। অনেকে আবার হয়তো মহত্ উদ্দেশ্য নিয়ে একটি এতিমখানা গড়ে দেন। পিছনে যে কারণই কাজ করুক না কেন, মহত্ উদ্দেশ্য যাই থ্কুক না কেন, কাজটি ভালো কি খারাপ? সেই বিচার না করেও বলা যায় এটা সঠিক পন্থার কোনো কাজ হতে পারে না। কেননা , যিনি টাকা দান করে এগুলো করছেন, তার টাকার উৎসহ কেউ জানাতে চান না বা কারো কোনো আগ্রহই থাকে না। অনেকে হয়তো যুক্তি দেখাবেন, যদি ভুল পথে টাকা উপার্জন করেও থাকে, তারপরেও আল্লাহ্রর পথে দান মানে সাত খুন মাপ। জানিনা কোরআন-হাদিস এই বিষয়ে কি ব্যাখ্যা দেয়। তবে এটা স্বাভাবিক চিন্তা ভাবনায় গ্রহণযোগ্যতা থাকতে পারে না। তাছাড়াও অবৈধ উপায়ে উপার্জনের টাকা তিনি বা সেই জন পুরোটা দান করেন না নিশ্চয়ই । অর্থাত্ তিনি কিছু কিঞ্চিত অংশ দান-খয়রাত করে একটা বৈধতার আশ্রয় খুঁজেন এবং সাথে নিজেকে সমাজে একজন দানবীর ব্যাক্তি হিসেবে জাহির করার সুযোগ নেন। প্রশ্ন করা নিশ্চয়ই কোনো অন্যায় হবে না, এই সব অবৈধ টাকায় গড়া মসজিদ-মাদ্রাসায় ইসলাম চর্চা করা কতটুকুন বৈধ ? কেননা, সবার জ্ঞাণেই জানা থাকে, যে মসজিদে বসে ধর্ম পালন হচ্ছে, সেই মসজিদটি পুরোপুরি হালালের টাকায় তৈরি কিনা?বুঝার জন্য জিজ্ঞাসা , যদি একজন ধর্ম পালনকারি মানুষ জ্ঞ্যত থাকেন যে, মসজিদটি হালালের টাকায় তৈরি নয়, তারপরেও কিভাবে সেই ঘরকেই পবিত্র ভেবে ঈশ্বরকে স্বরণ করা যায়? এত প্রথমেই পবিত্রতার সাথে হঠকারিতা! আর হঠকারী হয়ে ঈশ্বর পাবার ইচ্ছাই বা কতটুকুন সঠিক বা পাওয়া যাবে ? ধর্মে একটি কথা আছে, পাক-পবিত্রতা। এই পাক-পবিত্রতা বলতে নিশ্চয়ই সার্বিক পবিত্রতার কথাই বুঝানো হয়েছে। শুধু শরীর পরিষ্কার হলেই যেমন পুরোপুরি পবিত্র নয়, মন পবিত্র হতে হয়। ঠিক তেমনি শুধু মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন , দামি টাইলস আর চকচক-ঝকঝকে হলেই কি সব ঠিক ? হজ্ব পালনেও এমন অনেক উদাহরণ বলা যায় ।

এই কথাগুলো বললাম, কেননা আজকাল সর্বত্রই, দেশের আনাচে কানাচে সব জায়গায় কোনো প্ল্যান-প্রগরাম ছাড়াই যথা-তথা মসজিদ-মাদ্রাসা গড়ে উঠছে! একটা দেশে এইভাবে যত্রতত্র উপাসনালয় গড়ে উঠা কতটা সঠিক? তাছাড়া ভবিষ্যতে দেশের স্বার্থে রাস্তা-ঘাট কিংবা ভিন্ন কিছু তৈরিতে এই উপাসনালয়গুলো নিশ্চিত বাঁধা হয়ে দেখা দেয়। প্রয়োজনে এগুলো ভাঙার প্রশ্ন আসলেই, ধর্মের দোহাই চলে আসে! এরকম হরহামেশাই দেখা যাচ্ছে। শত উদাহরণ আছে, বিরাটকায় জমি দখল করে , এক অংশ মসজিদ তৈরি করে দেওয়া । অথবা সাড়াজীবন অন্যায়-অত্যাচার করে উপার্জন করে বিরাটকায় মসজিদ তৈরি করে দেওয়া! মূলত মসজিদ মাদ্রাসা তৈরি করে কি বৈতরণী পাড় পাওয়া যায়? হয়তো কেউ বলবেন পরকালে তাকেই এর বিচারের সম্মুখীন হতে হবে! তবে ইহকালে আমরাও কি তার সমর্থন যোগালাম কিনা? সেই প্রশ্ন কেউ তুলি না!

এখন বলি ওয়াজ-মাহফিলের কথা । লক্ষণীয় যে, ওয়াজ-মাহফিল মানে কোরআনের তাফসির বা কোরআনকে সহজভাবে মানুষকে বুঝিয়ে বলা বা ধর্মের মূল্যায়ন কি? সেগুলোই বলা নিশ্চয়ই । তবে আজকাল ওয়াজ-মাহফিল এক প্রকার তামাশায় পরিণত হয়েছে। ডিজিটালের সুযোগে এই তামাশাগুলো এখন পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই দেখার সুযোগ হয়। ইউ টিউবে ওয়াজ-মাহফিল এখন ভরা। অনেক ফেসবুক ব্যবহারকারীগণ আবার এমন মাহফিলে এতটাই আশান্বিত হয় যে, সোবহান আল্লাহ্ / আলহামদুল্লিলাহ্ বলে মুখে ফেনা তুলে সবাইকে ট্যাগ করতেও কার্পণ্য করেন না। তাদের কল্যাণেই গত কয়েকদিন দু-চারজন শিশুবক্তার ওয়াজ দেখার সুযোগ হয়। শিশুবক্তা! বিষয়টি মানুষকে আকর্ষণ করে বলেই মনে হচ্ছে। একটি শিশু ( যদিও হবে মুতের শিশু, শব্দটির জন্য দুঃখিত) কি সাবলীলভাবে গড়গড় করে কথা বলে যাচ্ছে! সোবহান আল্লাহ্, সোবহান আল্লাহ্!

এমন একটি শিশুবক্তার ওয়াজ দুটো ইউ টিউবে পুরোটাই দেখলাম আর ভাবলাম । আমরা যাচ্ছি কোথায়? এই শিশুবক্তাদের কোনো ভাবে তৈরি করা হচ্ছে, যেন ওয়াজ-মাহফিলকে আকর্ষণীয় করা যায় এবং রোজগারটাও ভালো হয়।

প্রথমত : স্পষ্টতইবলা যায়, এখানে কোরআনের তাফসির যতটা না প্রধান বিষয়, তারচেয়েও ধান্দা বেশি! সুতরাং এই ওয়াজ-মাহফিলের কোনো মহাত্মা থাকতে পারে না।

দ্বিতীয়ত : এই শিশুবক্তাদের কে বিরাটকায় একটি রাজকীয় চেয়ারে বসিয়ে দিয়ে, অন্যান্য আলেম-ওলামায়েদের সহ আরো অনেক মুরুব্বি কিংবা বয়জোষ্ঠ মানুষদের শিশুবক্তার নিচে বসাতে বাধ্য করা , শোভনীয় মোটেও নয়।

তৃতীয়ত : এই শিশুবক্তাদের সরাসরি বাংলা শব্দ ইচরেপাকা বলাই যুত্সই বটে। আর ইচরেপাকারা মানুষের জন্য  কল্যাণকর কখনোই নয়, বরং বিরক্তিকর ।

একজন শিশুবক্তার নাম না বলেই বলি, কেননা নাম বলতেও বিরক্তি লাগছে। তবে ইউ টিউবে শিশুবক্তা লিখলেই পাওয়া যায়। আমি শিশুটির দোষ দিচ্ছি না । উদাহরণ দেই, এই শিশুবক্তা এক ওয়াজে মুচির ( অবশ্যই অসম্মানের কাজ নয়) একটি উদাহরণ দিয়ে, হাসানুল হক ইনু সমন্ধে চটাং চটাং করে অনেক কিছু বললো! আমি অবাক হলাম আর ভাবলাম, যারা সেই ওয়াজ-মাহফিলে বসে হাসছে আর স্লোগান দিচ্ছে ” কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো” ! এরা কারা? ওই শিশুবক্তা কোরআনের একটি কথাও বলেনি! বরং গীবত্ করছে  বা ওকে দিয়ে করাচ্ছে ! ( ও তো সত্যি সত্যি শিশু, আমি শিশুবক্তার দোষ দিচ্ছি না ) তাছাড়া এই শিশুবক্তা হাসানুল হক ইনু সমন্ধে কি জানে ? এই শিশুর মুখে এমনভাবে চটাং চটাং করে কথা বলানো, এগুলোকে সমর্থন করা!  শুনলে একজন সামান্য বিবেকবান মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাবার কথা।  এই শিশুবক্তার আরো চরম উদাহরণ কাশ্মীর নিয়ে । আমি নিশ্চিত বা যে কেউ জোর করেই বলতে পারবে, এই শিশুবক্তার কাশ্মীরের হাজার বছরের ইতিহাসের কিছুই জানা থাকবার কথা নয়। অথচ সে বাংলাদেশর মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধা এদেরকে ছোটো করে ( চটাং চটাং কথা দিয়ে) , কাশ্মীরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা বলছে!!!  এমনকি আওয়ামী লীগ/বিএনপি এগুলো কিছুই না, যদি না কাশ্মীরের মুসলমানদের সাথে না থাকা হয়, ঈমানী আকিকাদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি!!!  এই শিশুবক্তা এভাবে কোনো না কোনো আলেম (!) দ্বারা প্রভাবিত হয়ে , না বুঝেই মুক্তিযোদ্ধা/মুক্তিযুদ্ধ কে ছোটো করছে, অথচ হচ্ছে সব দেশের প্রশাসনের নাকের ডগায়  !!! প্রশ্ন করতেই হয়, হচ্ছে টা কি ? প্রশাসন করছেটা কি ? সব কিছুর একটা সীমা/পরিসীমা থাকা জরুরি । এদেরকে এখনই থামানো উচিত, আশা করি প্রশাসন এই দিকে নজর দিবে।  আর ওয়াজ-মাহফিলের নামে কি তামাশা হচ্ছে, এটা মনে হয় দেশের আনাচে-কানাচে মানুষ জেনে গেছে। শুধু আশা করবো প্রশাসন এদিকগুলো নজরে আনবে এবং দেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। যদিও সরকার কিছুদিন পূর্বে এই সব তামাশার  বা বাড়াবাড়ি ওয়াজকারীদের সমন্ধে একটি উদ্যোগ গ্রহণ করেছিলো বলে পত্র-পত্রিকায় দেখেছিলাম। তবে কার্যকর কিছুই দেখিনি! সরকার বিষয়টিকে হাল্কা করে না দেখে, কার্যকর কিছু করলেই দশের ও দেশের কল্যাণ হবে।

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.