মধুর ক্যান্টিনে দুই ছাত্রলীগ নেতার মারামারি

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী দুই ছাত্রলীগ নেতার নিজেদের মধ্যকার মারামারিতে একজনের কপাল ফেটে গেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই মারামারির ঘটনা ঘটে।

মারমারি করা দুই ছাত্রলীগ নেতা হলেন তৌহিদুল ইসলাম চৌধুরী জহির ও শাহরিয়ার কবির বিদ্যুৎ। এরা দুইজনই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারী। আহত বিদ্যুৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আদর্শগত দ্বন্দ্বের জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে জহির ইট দিয়ে আঘাত করে বিদ্যুতের চোখের বাম চোখের ওপরে কপাল ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ।

তিনি বলেন, ‘সপ্তাহ খানেক সময় ধরে ওদের সিন্ডিকেটের সাথে আমাদের মতানৈক্য ও বিরোধ চলে আসছিল। আজ মধুর ক্যান্টিনে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জহির আমার শার্টের কলার চেপে ধরে। তখন আমিও ওর জামার কলার চেপে ধরি। এক পর্যায়ে জহির ইট দিয়ে আঘাত করে আমার কপাল ফাটিয়ে দেয়। এসময় জহিরের এক ছোট ভাইয়ের হাতে বাঁশ ছিল বলে অভিযোগ করেন বিদ্যুৎ।’

জহির জামাত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এবং জহিরের সিন্ডিকেট মিলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভাঙার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেন বিদ্যুৎ। আর এসব বিষয় নিয়েই মুলত জহিরের সঙ্গে গত কিছুদিন ধরে ঝামেলা চলছিল বলে জানান তিনি। এছাড়া অভিযুক্ত জহির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলেও অভিযোগ করেন বিদ্যুৎ।
অভিযুক্ত জহির কোথায় এখন কোথায় আছেন এ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জহির ছাত্রলীগ সভাপতি শোভনের বাসায় আছেন বলে জানান কিছু ছাত্রলীগ নেতা।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.