বিএনপির প্রেসিডিয়াম সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিথ্যা সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে এখন রক্ত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যেদিন আমরা আন্দোলনে নেমে রক্ত দেবো সেদিন তিনি মুক্তি পাবেন। তাই প্রস্তুতি নিন, গুলিকে আর ভয় করা যাবে না। প্রাণ দিয়ে হলেও দলীয় চেয়ারপারসনকে মুক্ত করতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের পূর্ব পাশের পাকা সড়কে দলের নেত্রীর মুক্তি দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সব মানুষ খালেদা জিয়ার মুক্তি চায়। কেবল একজন মানুষ চান না খালেদা জিয়ার মুক্তি হোক। উনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এবার গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে নেত্রীকে মুক্ত করা হবে। আন্দোলনে বাধা দিলে এবার পরিণতি হবে ভয়াবহ। এ সময় নেতাকর্মীদের সংগ্রামে নেমে পড়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির প্রেসিডিয়াম সদস্য, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকুু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শীর্ষ নেতারা মহাসমাবেশে উপস্থিত রয়েছেন। তারা বক্তব্য রাখবেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে মহাসমাবেশ বিএনপি চেয়রাম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল মনির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা। এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মহাসমাবেশে বক্তব্য রাখেন।
মহাসমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
শুদ্ধস্বর/বিটি

