গড়িয়াহাটের ২৪ মেণ্ডেভিলা গার্ডেন বাড়িটির সামনে দাঁড়িয়ে প্রচণ্ড উত্তেজনা অনুভব করছিলাম এই ভেবে যে, আর কিছুক্ষণ পরই আমার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা হবে, কথা হবে। দীর্ঘ লালিত কিছু স্বপ্নের একটি আজ পূরণ হবে। আমরা তিন বন্ধু কলকাতা বেড়াতে এসেছি। আসার সময় কবি বেলাল চৌধুরীর কাছ থেকে তাঁর ফোন নম্বর নিয়ে এসেছি। সকালে হোটেল থেকে ওই নম্বরে ফোন করতেই ওপার থেকে ভারী গলায় শোনা গেল ‘হ্যালো’। বুঝতে কষ্ট হলো না সুনীল গঙ্গোপাধ্যায় ফোন ধরেছেন। পরিচয় দিয়ে আমাদের ইচ্ছার কথা তাঁকে জানালাম। সাথে সাথে বললেন, চলে এসো। বাড়ির ঠিকানা বলে দিলেন। বললেন, দুপুর বারোটার মধ্যে আসবে।
নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলাম। লিফটে উপরে উঠে কলিং বেল চাপতেই অল্পবয়সী এক ছেলে ভেতরের বসারঘরে নিয়ে গেল আমাদের। পরে জেনেছি ছেলেটির নাম ধনঞ্জয়, দীর্ঘদিন এ বাড়িতে আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের দেখভাল করে। কিছুক্ষণের মধ্যেই সুনীল গঙ্গোপাধ্যায় এলেন। লম্বা, মোটাসোটা হাস্যোজ্জ্বল এক মানুষ। কী কথা বলব তাঁর সাথে! একদৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। কলেজে পড়ার সময় পূর্ব-পশ্চিম পড়েছি। আত্মপ্রকাশ, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, গভীর গোপন-উপন্যাসগুলো পড়েছি গোগ্রাসে। পড়েছি তখন পর্যন্ত প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ আমি কী রকমভাবে বেঁচে আছি, বন্দি জেগে আছ, আমার স্বপ্ন, সত্যবদ্ধ অভিমান, জাগরণ হেমবর্ণ, দাঁড়াও সুন্দর, মন ভালো নেই, এসেছি দৈব পিকনিকে, দেখা হলো ভালোবাসা বেদনায়, স্বর্গ নগরীর চাবি। তাঁর ভ্রমণসাহিত্য ছবির দেশে কবিতার দেশে পড়ার সময় বারবার দেখতে ইচ্ছে করত বইয়ের লেখককে। দুই বাংলাকে তিনি আলোকিত করে রেখেছেন তাঁর অসাধারণ সাহিত্যসৃষ্টি দিয়ে। আজ তাঁরই সামনে বসে আছি। অনুমতি নিয়ে ছবি তুললাম একসাথে। একপর্যায়ে স্বাতী গঙ্গোপাধ্যায় এলেন। খুব বেশি কথা বলতে পারলাম না। ভেতরে ভেতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। চা-বিস্কিট খেয়ে বিদায় নিলাম। আসার সময় বললাম, আমরা আগামীকাল দিল্লি যাব। আপনি বিরক্ত না হলে ফেরার সময় আরেকবার আসব দেখা করতে।
১৯৯৪ সালের কথা। আমি, বন্ধু মাসুম রহমান ও সিরাজুল কবীর চৌধুরী কমল একুশ দিনের জন্য ভারত ভ্রমণে বেরিয়েছি। দিল্লি থেকে ফেরার পর আবার একদিন সকালে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাসায় উপস্থিত আমরা। পজিট্রন পাবলিকেশন্স নামে তখন একটি প্রকাশনা সংস্থা শুরু করেছি। তাঁর তিনটা উপন্যাস (ছবি, খেলা, রুপালী মানবী) বাংলাদেশে মুদ্রণের আগ্রহ প্রকাশ করার সাথে সাথে লিখিত অনুমতি দিয়ে দিলেন। বললেন, তোমরা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। বয়সে তরুণ। আমি তরুণদের যে-কোনো কাজেই উৎসাহ দিয়ে থাকি। শুরু করো।
শুরু হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে পথচলা। এরপর বাংলাদেশে এলেই ছুটে যেতাম দেখা করতে। প্রথম যেবার বাংলাদেশে দেখা হলো তিনি ঠিক ঠিক চিনতে পারলেন। বনানীতে একটা রেস্ট হাউজে উঠেছেন তিনি। দেখেই বললেন, তোমরাই তো আমার বাড়িতে গিয়েছিলে ? বই ছেপেছ ?
হাতে ছিল প্যাকেট করা তিনটি বই। তাঁর হাতে দিতেই প্যাকেট খুলে বললেন, বেশ তো! সুন্দর প্রডাকশন।
পরে ভারতীয় বই যাচ্ছেতাই পাইরেট হতে থাকে। এক-একটা বই চার-পাঁচজন নাম-গোত্রহীন প্রকাশনা থেকে বের হতে থাকে, এইজন্য একপর্যায়ে আমরা ওই বইগুলো ছাপা বন্ধ করে দেই। ১৯৯৭-এ সৃজনশীল গ্রন্থ প্রকাশের জন্য আলাদা প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’-এর কার্যক্রম শুরু করি আমরা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বইগুলো ‘অন্যপ্রকাশ’ থেকে আর পুনর্মুদ্রণ করা হয় নি।
১৯৯৬ সালে অন্যদিন প্রকাশের পরপর সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকায় এলেন। আমরা ছুটলাম অন্যদিন-এর জন্য সুনীল’দার একটা সাক্ষাৎকার নিতে। অন্যদিন-এর তৃতীয় সংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলনের ছবি দিয়ে কভার হয় এবং ছাপা হয় দুজনের পৃথক সাক্ষাৎকার। যোগাযোগ বাড়তে থাকে ঢাকা ও কলকাতায়। ১৯৯৭ সালে অন্যদিন প্রথম প্রকাশ করে ৪০০ পৃষ্ঠার ঈদসংখ্যা। ওই সময় পর্যন্ত ওটাই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ ঈদসংখ্যা। ঔপন্যাসিকের তালিকায় ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর থেকে ২০১১ পর্যন্ত প্রতিটি ঈদসংখ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ছাপা হয়েছে। এত দীর্ঘ সময় একটানা কোনো পত্রিকায় তাঁর উপন্যাস ছাপা হয় নি। অন্যদিন পত্রিকার সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের গভীরতা দিনে দিনে বাড়তে থাকে। হার্দিক সম্পর্কের বন্ধনে আমরা জড়িয়ে যাই।
২০০০ সালে অন্যদিন পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বাজারজাত হবে। সেই উপলক্ষে কলকাতা ইন্টারন্যাশনাল ক্লাবে অন্যদিন প্রবর্তনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সে বছরের ২৮ জানুয়ারি। প্রধান অতিথি ছিলেন কবি অরুণ মিত্র। বিশেষ অতিথি দুজন। বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছিলেন আরেক জনপ্রিয় কথাশিল্পী সমরেশ মজুমদার। তাঁর সহযোগিতা ছাড়া হয়তো আয়োজনটিই সম্ভব হতো না। সুনীলদা তাঁর বক্তব্যে অন্যদিন-এর কলকাতায় আগমনকে স্বাগত জানিয়ে বলেছিলেন, এই প্রথম বাংলাদেশের কোনো পত্রিকা কলকাতায় আসছে। এটা আনন্দের বিষয়। এত চমৎকার একটি পত্রিকা ঢাকা থেকে বেরুচ্ছে কল্পনাই করা যায় না। তিনি আরও বলেছিলেন, আমি মনে করি ঢাকাই একসময় হবে বাংলা ভাষার প্রধান চর্চাকেন্দ্র। এই কথাটি তিনি পরবর্তী সময়ে বহুবার তাঁর বক্তব্য, সাক্ষাৎকার এবং লেখালেখির মাধ্যমে অকপটে বলেছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী রমাপদ চৌধুরী, সমরেশ মজুমদার, বুদ্ধদেব গুহ, দিব্যেন্দু পালিত, কবি মল্লিকা সেনগুপ্ত, নবনীতা দেবসেন, চিত্রনায়িকা ঋতুপর্ণাসহ পশ্চিমবঙ্গের শিল্প-সাহিত্য-সংস্কৃতির বহু মানুষ। ঢাকা ও কলকাতার বেশ কয়েকজন প্রকাশকও উপস্থিত ছিলেন সেখানে। সন্ধ্যার পর ইন্টারন্যাশনাল ক্লাবে জমে উঠেছিল আড্ডা। অনেক রাত পর্যন্ত গড়ায় এটি। সেই আড্ডায় উঠে আসে দুই বাংলার লেখকদের স্মৃতিচারণসহ সাহিত্যের নানা বিষয়।
১৯৯৯ সালের শেষ দিকে চট্টগ্রামে আমার বন্ধু আজিজ সুলতান প্রিন্স-এর মা নাজনীন আহমেদ আমাকে অনুরোধ করেন তাঁর হয়ে একটি অনুষ্ঠানে সুনীলদাকে স্বস্ত্রীক আমন্ত্রণ জানাতে। অনুষ্ঠানটির আয়োজক সাংস্কৃতিক সংগঠন ‘দীপ্র’। আমার বন্ধু-মাতা এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। সুনীলদা স্বাতী বৌদিসহ আসতে রাজি হন। ঢাকা থেকে আমি, কবি বেলাল চৌধুরী, তাঁর এক মামা ও কমলসহ সবাই চট্টগ্রাম বিমান বন্দরে লেখক-দম্পতিকে অভ্যর্থনা জানাই। ওই রাতে প্রিন্সদের বাড়িতে অতিথিদের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। মজাদার সব খাবারের সঙ্গে জমজমাট আড্ডা চলে দীর্ঘসময় পর্যন্ত।
পরদিন চট্টগ্রামের অনুষ্ঠান শেষে আমরা চলে যাই কক্সবাজার বেড়াতে। সেখান থেকে মহেশখালি, উখিয়া, রামু, ইনানী ঘুরে বেড়িয়েছি একসাথে। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আমরা হেঁটেছি দীর্ঘসময়। একদিন গভীর রাতে ঘুমুতে যাওয়ার আগে সুনীলদা বললেন, চলো রাতের সমুদ্র দেখে আসি। দলবেধে সবাই অনেক রাত পর্যন্ত সৈকতে বসে সমুদ্রের গর্জন শুনেছি। তিন রাত শুধু ঘুমানো ছাড়া সার্বক্ষণিক ঘুরে বেড়ানো, হইচই আর জমিয়ে আড্ডা।
সেইসব দিনে অনেক কাছে থেকে সুনীলদাকে দেখার সুযোগ হয়েছে। কফি হাউজের আড্ডার গল্প, আয়ওয়া বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, প্যারিসের রাস্তায় মার্গারিটের সাথে ঘুরে বেড়ানোর গল্প শুনতে আমার ভালো লাগে। ছবির দেশে কবিতার দেশে আমি কম করে হলেও দশবার পড়েছি। ভ্রমণের প্রতি আমার ছোটবেলা থেকেই ভীষণ দুর্বলতা। পর্যটক বলে কোনো পেশা থাকলে আমি হয়তো সেটাকেই বেছে নিতাম। তাই ছবির দেশে কবিতার দেশে নিয়ে অসংখ্য প্রশ্ন আমার। খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞেস করি। সুনীলদা এতটুকুও বিরক্ত হন না।
আমার অধিকাংশ প্রশ্ন মার্গারিটকে ঘিরে। মার্গারিটের বিষয়ে অনেক কিছু জানতে ইচ্ছে করে। মার্গারিটকে চুমু খেতে চাইলে সে গীর্জায় গিয়ে প্রার্থনা করার সময় অনুমতি চাইবে বলে জানায়। যদি অনুমতি মেলে তার…। অনুমতি কি মিলেছিল চুমু খাওয়ার ? সম্পর্কের গভীরতা কোন পর্যায়ে ছিল ? সুনীল তাঁকে শুনিয়েছিলেন রাধাকৃষ্ণের প্রেমকাহিনি আর মার্গারিট শুনিয়েছিলেন ত্রিস্তান ও ইসলেটর প্রেম বিরহগাথা। কাজেই মার্গারিটের বিষয়ে জানতে ইচ্ছে করবেই তো! একবার সাহস করে জিজ্ঞেস করলাম, মার্গারিট কল্পনার কোনো চরিত্র নয় তো ? একগাল হেসে সুনীলদা উত্তর দিলেন, একটুও না।
কক্সবাজার-চট্টগ্রামের পাট চুকিয়ে ঢাকা ফেরার পথে কুমিল্লা বার্ড-এ আমরা একরাত কাটালাম। সেখানেও অনেক আনন্দ করেছি আমরা।
হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায় দুজনই প্রচণ্ড আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। দুজন দুজনকে খুবই পছন্দ করতেন। হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভার বিয়ে। ২০০১-এর জানুয়ারি। আমাকে ডেকে তিনি বললেন, মাজহার, নোভার খুব পছন্দের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তুমি তাঁকে স্বাতীদিসহ আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানাও। আমি বিয়ের আসরে সুনীলদাকে উপস্থিত করে আমার মেয়েকে চমকে দিতে চাই। এটাই হবে বাবার কাছ থেকে পাওয়া মেয়ের সেরা উপহার। আমি সুনীল গঙ্গোপাধ্যায়কে ফোনে হুমায়ূন আহমেদের ইচ্ছার কথা জানালাম। তিনি সাথে সাথে তাঁর সম্মতি জানালেন। ভিসা, টিকিট সব ব্যবস্থাই আমি ঢাকায় বসে করে দিলাম। তিনি একবারও বললেন না, মাজহার, হুমায়ূনের মেয়ের বিয়ে। কই হুমায়ূন তো আমাকে ফোন করে বলল না ? অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন বলেই হয়তো এ প্রশ্ন একবারও করেন নি। এয়ারপোর্ট থেকে আমি ও বেলাল চৌধুরী সুনীলদা আর স্বাতী বৌদিকে সরাসরি বিয়ের আসরে নিয়ে আসি। নোভা কতটুকু চমকিত হয়েছিল জানি না, তবে হুমায়ূন আহমেদের আনন্দময় সেই মুখের ছবি আমি এখনো দেখতে পাই।
পরদিন সকালে দলবেধে সবাই নুহাশপল্লীতে যাই। হুমায়ূন আহমেদ আমাদের আগেই নুহাশপল্লী পৌঁছে যান। সুনীল গঙ্গোপাধ্যায়ের গাড়ি নুহাশপল্লীর প্রধান ফটকে প্রবেশ করতেই ব্যান্ড পার্টির বাজনায় নুহাশপল্লী উৎসবমুখর হয়ে ওঠে। একজন লেখক আরেকজন লেখককে এভাবেই উষ্ণ অভ্যর্থনা জানান পরম ভালোবাসা ও আন্তরিকতায়।
সন্ধ্যায় নুহাশপল্লীর প্রাচীর ঘিরে জ্বালানো হলো হাজারো প্রদীপ। সে এক অভূতপূর্ব দৃশ্য! নুহাশপল্লীর প্রাচীরে প্রতি এক ফুট পর পর প্রদীপ জ্বালানোর জন্য এক ধরনের খোপ করা আছে। বিশিষ্ট মেহমান অথবা বিশেষ কোনো দিন উপলক্ষে প্রদীপ জ্বালানো হয়। সুনীলদা ও স্বাতী বৌদি মুগ্ধ হয়ে হুমায়ূন আহমেদের কর্মকাণ্ড দেখছেন। এখানেই শেষ নয়। রাতে সুইমিং পুলের পাশে বসে ক্যাম্পফায়ার এবং গানের আসর। সুনীলদার অনুরোধে গান গাইলেন স্বাতীদি। তাঁর গানের গলা চমৎকার। স্বাতীদির গাওয়া গানে উৎসবমুখর হয়ে ওঠে সেদিনের আসর। একপর্যায়ে গানের সাথে গলা মেলালেন সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও। তারপর গাইলেন তাঁর পূর্ব-পশ্চিম উপন্যাসে অতীনকে উদ্দেশ করে সোমেনের গাওয়া সেই বিখ্যাত গান
তুই লালপাহাড়ীর দেশে যা, রাঙামাটির দেশে যা, হেথায় তুরে মানাইছে না গো! ইক্কেবারে মানাইছে না গো! হেথায় তুরে মানাইছে না গো! ইক্কেবারে মানাইছে না গো! তুই লালপাহাড়ীর দেশে যা…
হুমায়ূন আহমেদ আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। সবসময় হইচই করে সময় কাটাতে পছন্দ করতেন। নুহাশপল্লীকে নানা উপলক্ষে উৎসবমুখর করে রাখতেন। সিনেমার শুটিং শুরু উপলক্ষে আস্ত খাসি জবাই হতো। একইভাবে শুটিংয়ের শেষ দিনেও নানা আয়োজন থাকত। গানপাগল মানুষ ছিলেন। ২০০৩ সালের কথা। চন্দ্রকথা ছবির শুটিং চলছে নুহাশপল্লীতে। একদিন আমাকে ডেকে বললেন, মাজহার, শুটিং তো শেষ হয়ে যাচ্ছে। অনেকদিন সুনীলদার সাথে দেখা হয় না। ফোন করে খবর নাও। তিনি ফ্রি থাকলে শুটিংয়ের শেষ দিন উপলক্ষে তাঁকে নিয়ে আসো। একসাথে একটু হইচই আনন্দ করি। ফোনে সুনীলদাকে জানালাম। তিনি রাজি হলেন, তবে শর্তসাপেক্ষে। শর্ত হলো, এয়ারপোর্ট থেকে সরাসরি নুহাশপল্লী যাবেন এবং ফেরার সময় এক রাত ঢাকায় থাকবেন। কেউ যেন না জানে। নিজের মতো করে তিনি থাকতে চান। সেভাবেই সব ব্যবস্থা করা হলো।
সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে সুনীলদা ও স্বাতী বৌদিকে নিয়ে নুহাশপল্লী রওনা হলাম। সঙ্গে আছেন যথারীতি কবি বেলাল চৌধুরী। সুনীল আকাশ বেলাল ছাড়া বেমানান। বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণের মুষল বর্ষণে নুহাশপল্লীতে যাওয়ার কাঁচা সড়ক চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। সে-রাস্তায় মহিষের গাড়িই একমাত্র ভরসা। বেশ কষ্টকর সে যাত্রা। তাই বর্ষার সময় ভাওয়াল মির্জাপুর ঘাট থেকে নৌকায় নুহাশপল্লীর পুকুরঘাট পর্যন্ত যাওয়া হতো। হুমায়ূন আহমেদের তখন একটা বজরা নৌকা ছিল। রাত ৮টায় আমরা বজরায় রওনা হলাম। চাঁদনিপশর রাত। ভরা বর্ষা। চারিদিকে দিগন্তবিস্তৃত জলরাশি। চাঁদের আলো পানিতে পড়ে চিকচিক করছে। বজরার উপরে আমরা সবাই বসা। স্বাতীদি গুনগুন করে গান গাইছেন। সুনীলদা মুগ্ধ হয়ে জোছনা দেখছেন। ফিনিক ফোটা জোছনায় ভিজতে ভিজতে আমরা পৌঁছে যাই নুহাশপল্লীতে। পুকুরঘাট থেকে হেঁটে আমরা বাংলোর কাছাকাছি পৌঁছে দেখি, হুমায়ূন আহমেদ তাঁর শোবার ঘরের বারান্দায় বসে অপেক্ষা করেছেন। সুনীলদাকে দেখে এগিয়ে এসে উষ্ণ আলিঙ্গনে জড়ালেন তাঁকে। অনেক রাত পর্যন্ত আনন্দ, হইচই, আড্ডা হলো সে রাতে।
পরদিন সকালে ঢাকা থেকে এলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ শরিফ। তাঁদের সঙ্গে বিখ্যাত ফটোগ্রাফার নাসির আলী মামুন। লিচুতলায় আড্ডা বসেছে। কিছুক্ষণ পর এলেন জাদুকর জুয়েল আইচ এবং অভিনেতা জাহিদ হাসান। নায়ক ফেরদৌস, চম্পা, শাওন, স্বাধীন খসরু শুটিংয়ের কারণে আগে থেকে নুহাশপল্লীতে ছিলেন। নানা গল্পে মশগুল সবাই।
সুইমিংপুলে পানি দেওয়া হয়েছে। হুমায়ূন আহমেদ সবাইকে সুইমিংপুলে নামার আমন্ত্রণ জানালেন। প্রথমেই সুনীলদা, জাহিদ হাসান, জুয়েল আইচ নামলেন। এরপর হুমায়ূন আহমেদ একে একে সবাইকে সুইমিংপুলে নামালেন। বাকি থাকলেন শুধু মতিউর রহমান। তিনি কিছুতেই পানিতে নামবেন না। শেষ পর্যন্ত সবার অনুরোধে তিনিও নামলেন। ষোলকলা পূর্ণ হলো। ছোট্ট সুইমিংপুল শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা মানুষে কানায় কানায় পূর্ণ। নাসির আলী মামুন ও আমি একটার পর একটা ছবি তুলতে থাকলাম। পরদিন প্রথম আলোয় সেই ছবি ছাপা হয়েছিল। দীর্ঘক্ষণ সুইমিংপুলের পানিতে ঝাঁপাঝাঁপি করে একসময় সবাই ক্লান্ত হয়ে উঠে এলেন। ইতিহাসের সাক্ষী হয়ে রইল নুহাশপল্লীর সুইমিংপুল।
২০০৪ সালের ঘটনা। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধের উপন্যাস জোছনা ও জননীর গল্পর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে ১০ ফেব্র“য়ারি। দখিন হাওয়ায় মিটিং বসেছে অনুষ্ঠানে আলোচক কে কে থাকবেন ? সভাপতি কে হবেন ? সব ঠিকঠাক হওয়ার পর হুমায়ূন আহমেদ বললেন, অবশ্যই তোমরা সুনীলদাকে আনবে। তিনি অনেক আগে দুই বাংলার পটভূমিতে পূর্ব-পশ্চিম লিখেছেন। এই উপন্যাসে আমাদের মুক্তিযুদ্ধও স্বমহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে। তা ছাড়া আমার অনেক পছন্দের একজন লেখক তিনি।
সুনীল গঙ্গোপাধ্যায়কে লেখক-প্রকাশকের ইচ্ছার কথা জানালে তিনি আসতে রাজি হলেন। সেবার তিনি আমার দখিন হাওয়ার ফ্ল্যাটে উঠলেন। পাশের ফ্ল্যাটে হুমায়ূন আহমেদ বসবাস করেন। কাজেই দিন-রাত অফুরন্ত আড্ডা, গল্প, গান, হইচই।
আড্ডায় আছেন অনেকেইÑইমদাদুল হক মিলন, জুয়েল আইচ, এস আই টুটুল, তানিয়া, চ্যালেঞ্জার, আলমগীর রহমান, সেলিম চৌধুরীসহ ঘনিষ্ঠজনরা। আড্ডার মধ্যমণি হুমায়ূন আহমেদ। সুনীলদা খুবই মুগ্ধ। আড্ডার মাঝেই তিনি বললেন, হুমায়ূনের কথাগুলো রেকর্ড করে রাখা দরকার। এত সুন্দর কথা বলে, গল্প করে, কৌতুক করে-এগুলো দিয়েই তো বই হতে পারে।
মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রকাশনা উৎসব হলো। সেখানেও সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, ঢাকাই হবে একসময় বাংলা ভাষার প্রধান চর্চাকেন্দ্র। কলকাতা নয়। কলকাতায় বাংলার ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে।
প্রকাশনা উৎসবের পরদিন সকালে হুমায়ূন আহমেদের পরিকল্পনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার রেকর্ড করে রাখার আয়োজন করা হয়। ক্যামেরা, লাইট সব তৈরি। সাক্ষাৎকার গ্রহণ করবেন ইমদাদুল হক মিলন। তিনিও এসে গেছেন। সুনীলদাকে পাওয়া যাচ্ছে না। রাজ্জাক হাওলাদার সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্বপরিচিত। কানাডায় বসবাস করেন। তাঁর ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট হস্তান্তর অনুষ্ঠানে সুনীলদাকে জোর করে নিয়ে গিয়েছেন। খুব সকালে সুনীলদা ঘুম থেকে উঠে চা খাচ্ছিলেন, আর তখনি রাজ্জাক হাওলাদার উপস্থিত। আমি নিজেও জানতাম না। আমি তখন ঘুমিয়ে। সুনীলদাকে রাজ্জাক হাওলাদার বলেছেন যাওয়া-আসা মিলে এক ঘণ্টার মতো লাগবে। কিন্তু তিনি সুনীলদাকে নিয়ে দুপুর ১২টায় ফিরে আসেন দখিন হাওয়ায়। সুনীলদা খুবই লজ্জিত। রাজ্জাক হাওলাদারের পাগলামিতে সব আয়োজন ভেস্তে গেল। কারণ বিকেল চারটায় সুনীলদার ফ্লাইট।
নানা উপলক্ষে সুনীল গঙ্গোপাধ্যায় ঢাকা আসেন। কবিতা উৎসব, চিত্রপ্রদর্শনী, তাঁর উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রিমিয়ার শো অথবা ঘনিষ্ঠজনের আমন্ত্রণ। আবার কখনো কখনো রাষ্ট্রীয় অতিথি বা সরকারি সফরে ঢাকা আসেন। ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের উদ্বোধনেও তাঁকে চাই। তিনি সবসময় বলতেন, বাংলাদেশে আসি মাটির টানে। এদেশে আসার আমন্ত্রণ তাই সহজে ফেলতেন না। আর ঢাকা এলে একবার হুমায়ূন আহমেদের দখিন হাওয়ায় আসবেন না-এরকম ঘটনা গত বারো বছরে আমি দেখি নি। একই রকম কলকাতা যতবার গিয়েছি সুনীলদার সাথে দেখা হয় নি এমন ঘটনাও কম। একবার আমি আর কমল অন্যদিন-এর কাজে কলকাতায় গিয়েছি। এক সন্ধ্যায় সুনীলদা আমাদের লেক ক্লাবে দাওয়াত করলেন। স্বাতী বৌদিসহ শুধু আমরা চারজন। চমৎকার একটি সন্ধ্যা কাটালাম। সেদিন লেক ক্লাবের ফিশ মুনিয়া খেয়ে খুবই মজা পেয়েছি। এরপর কয়েকবার আমি সেই ফিশ মুনিয়ার কথা সুনীলদাকে বলেছি।
গত বছর মার্চ মাসে স্বর্ণা, অমিয়, অন্বয় এবং কমলের স্ত্রী লিজনা, ওদের দুই সন্তান আর অন্যদিন-এর ফটোগ্রাফার বিশ্বজিৎসহ কলকাতা হয়ে শান্তিনিকেতন গিয়েছিলাম দোল উৎসব দেখতে। আমাদের পহেলা বৈশাখের আদলেই একটা উৎসব। কিন্তু আমার কাছে মনে হয়েছে, পহেলা বৈশাখের আয়োজন অনেক ব্যাপক ও প্রাণবন্ত। সেখান থেকে ফেরার দিন রাতে সুনীলদার বাড়িতে আমাদের রাতের খাবারের দাওয়াত। বিকেলে সুনীলদা ফোন করে বললেন, মাজহার, রাতে আমরা লেকক্লাবে খাব। আমার বাড়িতে আসবে, এখান থেকে একসাথে যাব। তুমি এর আগে একবার লেক ক্লাবে ফিশ মুনিয়া খেয়ে মজা পেয়েছিলে, তাই ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তা ছাড়া খোলা মাঠে তোমাদের বাচ্চারাও আনন্দ করবে। সুনীলদার এই ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে শুধু বললাম, ঠিক আছে।
রাত আটটায় আমরা লেক ক্লাবের মাঠে বসলাম। লেকের পাড় ঘেঁসে। সুনীলদা বললেন, মাজহার, তোমাদের ঈদসংখ্যার লেখা আমি শুরু করেছি। জুন মাসে বোস্টন চলে যাব। তাই আগেই শেষ করে দিয়ে যেতে চাই। আমি সাথে সাথে বললাম, ঠিক আছে। খুব ভালো হয় তাহলে। আমার মনে হলো এ বছর তো এখনো তাঁকে লেখার জন্য চিঠি দেই নি, ফোনেও বলি নি। অথচ তিনি লেখা শুরু করে দিয়েছেন। আসলে অন্যদিন-এর সাথে তাঁর সম্পর্কটা ছিল এরকমই। অন্যদিন ঈদসংখ্যা মানেই ঔপন্যাসিকের তালিকায় সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা থাকবে এটাই তো স্বাভাবিক। যেমনটি বরাবর ছিল হুমায়ূন আহমেদের ক্ষেত্রেও। সেই ১৯৯৯ সাল থেকে একটানা প্রতিটি ঈদসংখ্যায় তিনি লিখেছেন। যাই হোক, এরপর কথা হলো সুনীলদা আর বৌদি আগামী শীতে (২০১২ সালে) বাংলাদেশে আসবেন শুধু বেড়াতে। কাউকে জানানো হবে না। হুমায়ূন আহমেদসহ সেন্টমার্টিনের ‘সমুদ্রবিলাসে’ থাকবেন। সেন্টমার্টিনের ঝলমলে নীল জলরাশিতে চোখ জুড়াবেন। হুমায়ূন আহমেদ তাঁকে অনেকবার সেন্টমার্টিনে নিয়ে যেতে চেয়েছেন। নানা কারণে সেটা হয় নি। আমি বললাম, এবার সব ব্যবস্থা আমি করব। বাংলা সাহিত্যকে আলোকিত করে রাখা দুই লেখক সেন্টমার্টিনের বালুকাবেলায় হাঁটবেন, প্রবাল দ্বীপ ঘুরে ঘুরে দেখবেনÑভাবতেই আনন্দে মনটা ভরে গিয়েছিল।
আমার সমস্ত আনন্দ বিষাদে পরিণত হলো ১৯ জুলাই। আমার ক্ষুদ্র জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। সমস্ত পৃথিবী আমার কেঁপে উঠল। সেই কম্পন পুরোপুরি থেমে যাওয়ার আগেই সুনামির দ্বিতীয় আঘাত। ২৩ অক্টোবর ২০১২। ঝাপসা হয়ে এল আরও একটি অন্তহীন নক্ষত্রের আলো। খবরটা শোনার পর প্রথম যেটা মনে হলো, এত তাড়াতাড়ি দুজন প্রায় একসঙ্গে কেন চলে গেলেন! এই ভুবনে তাঁরা খুব আপন ছিলেন বলেই কি অন্যভুবনে পাড়ি জমালেন এতটা স্বল্প সময়ের ব্যবধানে ? কী এমন ক্ষতি হতো যদি সবকিছু আগের মতো থাকত, অন্তত আর কিছুদিন!
মাজহারুল ইসলাম
লেখক, প্রকাশক এবং সম্পাদক ।

