সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং ৯টি বিরোধী দলের প্রতিনিধিরা। আজ দুপুরেই শ্রীনগর যাওয়ার কথা রাহুল গান্ধীর। জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের চ্যালেঞ্জ গ্রহণ করে রাহুল আগেই জানিয়েছিলেন তিনি কাশ্মীরে যাবেন। কিন্তু পরে সত্যপাল মালিক দাবি করেন, রাহুল গান্ধী আসলে কাশ্মীরে এসে শান্তি বিঘ্নিত করতে চাইছেন। তবে, রাজ্যপালের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে শনিবারই কাশমীরে যাচ্ছেন রাহুল-সহ বিরোধী দলের প্রতিনিধিরা। তাৎপর্যপূর্ণভাবে বিরোধীদের এই প্রতিনিধিদলে থাকছেন তৃণমূলের প্রতিনিধিও।
কংগ্রেস সূত্রের খবর, আজ দুপুর বারোটা নাগাদ কাশ্মীরের উদ্দেশে রওনা হবেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে যাচ্ছেন সিপিআইএম-এর সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকের ত্রিরুচি শিবা, আরজেডির মনোজ ঝাঁ, তৃণমূলের দীনেশ ত্রিবেদী। প্রতিনিধিদলে থাকেন এনসিপির এক প্রতিনিধিও। কংগ্রেস নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মাও থাকবেন রাহুল গান্ধীর সঙ্গে। এদের মধ্যে গুলাম নবি আজাদ, সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা। আগেও শ্রীনগর গিয়েছেন। কিন্তু তাদের বিমানবন্দরেও আটকে দেওয়া হয়। গুলাম নবি আজাদকে এখনও পর্যন্ত দু’বার আটক করা হয়েছে শ্রীনগর বিমানবন্দরে। রাহুল গান্ধী এবং বিরোধী দলের প্রতিনিধিদের আজও আটক করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

