আর্টিকলের রাজনীতিতে অস্বাভাবিকতা নিয়ে লিখতে গেলে কোথা থেকে বা কত সাল থেকে শুরু করা উচিত, এটার মনে হয় কোনো সঠিক উত্তর কারোই জানা নাই। কেননা বর্তমানের অস্বাভাবিকতা বললে আনেকেই তেড়ে আসবেন দালাল বা ভিন্ন কোনো শব্দ নিয়ে । আবার স্বাধীনতার পর থেকে শুরু করলে, যার যার রাজনৈতিক সুবিধে অনুযায়ী নিশ্চিত অনেকেই তেড়ে আসবেন । সমস্যা হলো রাজনৈতিক আলোচনা বা প্যাচাল যার যার বৃত্তের ভিতর থেকেই সবাই সঠিক ভাবে। উদাহরণ অনেক আছে, যেমন বামেরা টুকরো টুকরো হয়ে আছে, আপনি প্রত্যেক বাম দলকে জিজ্ঞাসা করে দেখুন, উত্তর পাবেন তারা নিজ নিজ ক্ষেত্রে বা কক্ষপথে শতভাগ সঠিক ছিলো বা আছে, অথচ এরাই পূর্বে রসুনের কোয়া ছিলো ! আবার এরশাদের আমলের তথাকথিত বাম/ডান বা বিজ্ঞ রাজনীতিবিদগণ যারাই এরশাদের আমলে মন্ত্রী- মিনিস্টার ছিলেন , তাদের জিজ্ঞাসা করে দেখুন, তাদের উত্তরও হবে, নিশ্চিত শতভাগ সঠিক ছিলো। সেটা আপনি সম্মানিত ডাঃ জাফরুল্লা সাহেব থেকে মাননীয় রব সাহেব , সবাই যুক্তি দেখিয়ে দিবেন , কতটা সঠিক ছিলো। মাননীয় আ স ম রব সাহেব প্রায়শই বলেন সেই সময়ে তিনি এরশাদের সাথে নির্বাচন করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আবার নুর হোসেন দিবসেও প্রায়ত এরশাদ গণতন্ত্র রক্ষা দিবস বলে গেছে, আগামীতেও উনার দল নিশ্চয়ই নুর হোসেন দিবস কে গণতন্ত্র রক্ষার দিবস বলেই যাবেন। আবার ৮৬ নির্বাচনের প্যাচাল তুললে আনেক আলীগার খুব বেশি পছন্দ করেন না। কেননা জাতীয় বেইমান শুনতে কার ভালো লাগে।
আমি অনেক টকারদের বলতে শুনেছি (বড় এবং বিজ্ঞ আলীগার টকার) ৮৬ নির্বাচন দেশকে কতটুকু রক্ষা করেছে এবং কত সঠিক সিদ্ধান্ত ছিলো। তাছাড়া এরশাদের প্রয়াত আত্মার দলতো এখনও আলীগের ফুটবল, যেমন খুশী লাথি দেওয়া যায়, সুতরাং সব ঠিক আছে। বিএনপিকে জিজ্ঞাসা করুন , উত্তর দিতে গিয়ে শতভাগ আবেগি হয়ে যাবে। কেননা আপসহীন নেত্রীর ক্ষেতাব তো সেই সময়ে পাওয়া । সুতরাং তাদের উত্তর শতভাগ ঠিক ছিলো বলেই গণ্য করেন, তবে ভুলে বসেন আবার এই এরশাদই প্রথমে চারদলে ছিলো !!! এরশাদকে আনতে কত রাজনৈতিক কৌশলই না খাটিয়েছিলো ! সেটারও সঠিক ব্যাখ্যা নিশ্চিত পেয়ে যাবেন এবং অনেক বিজ্ঞ বিএনপি নেতকে দেখেছি টিভির পর্দায় সেটা সঠিক ছিলো এবং আলীগের সাথে তুলনা করে কত কিচ্ছা বলেন। ইসলামীক দলগুলোর কথা আর কি বলবো, সবই তো আল্লাহ্রর হুকুম বা ইচ্ছা, সুতরাং সব শতভাগ ঠিক। জামাতের কথা যদিও বলতে আমার ঘৃণা লাগে, তাদেরকে ৭১ এর কথা জিজ্ঞাসা করুন , আমিন আমিন রবে বলে যাবে সব ঠিক ছিলো , সাথে ইন্ডিয়া কতবড় শয়তান দেশ তা তেলাওয়াত দিয়ে দেখিয়ে দেবে। মূল কথা হলো রাজনীতির অস্বাভাবিকতা বলতে কিছুই নাই। রাজনীতিবিদরাই বলেন ,” রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, মানে সব হালাল “। সুতরাং রাজনীতির কোনো ভুল নাই। এটা তরল পানির মত। সব পাত্রের আঁকার ধারণ করে এবং সঠিক।
এ লেখার শুরুর কথা ” রাজনীতিতে অস্বাভাবিকতা “ স্বীকার করে নিচ্ছি এটা নাই। তারপরও পর থাকে তাই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা । আমার আজকের লেখার শুরুটাও একটু সমস্যা, কোথা থেকে শুরু করি?
ধান দিয়েই শুরু করি। কেননা এই ধানের সাথে বর্তমানের ডেঙ্গুর একটা অস্বাভাবিকতা ( হবে স্বাভাবিক) মিল পাই। গত কয়েক সপ্তাহ পূর্বেই ধানের দাম নিয়ে কত কথা , পত্র/পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ! এই ধান নিয়ে অনেক কথা হয়েছে , তাই সেই প্যাচালে যাচ্ছি না। তবে এই ধানের সমস্যার সময় যে ফোটোশেসন হয়েছিলো, সেটা আজকে বেশ মনে পরছে। আমি আজকের ডেঙ্গু দুর্যোগে সেই একি কাহিনী দেখতে পাচ্ছি! ধানের সময় ফটোসেশনের মাত্রাকে ছাড়িয়ে আজকের ডেঙ্গু ফোটোশেসন! এই ডেঙ্গু ফোটোশেসন কে নাই ঝাড়ু হাতে? স্বয়ং তথ্যমন্ত্রী থেকে শুথু করে নায়/নায়িকা এমনকি সাংবাদিক ভায়েরা। আহ্হা কি আনন্দ আকাশে বাতাসে!
এবার আসি অস্বাভাবিকতার সীমান্ত এলাকায় । নিচের পরিসংখ্যানটি একটু লক্ষ্য করুন।
‐—- আয়তনে সুইজারল্যান্ড ৪১,২৮৫ কিলো স্কোয়ার মিটার আর জনসংখ্যা ৮,৪২ মিলিয়ন (২০১৭)। ফ্রান্স ৬৪৩,৮৯১ কিলো স্কোয়ার মিটার আর জনসংখ্যা ৬৬,৯৯মিলিয়ন (২০১৯ ) ।
বাংলাদেশ ১৪৭,৫৭০ কিলো স্কোয়ার মিটার আর জনসংখ্যা ১৬৪,৭ মিলিয়ন (২০১৭)।
ইন্ডিয়া ৩,২৮৭,০০০ কিলো স্কোয়ার মিটার আর জনসংখ্যা ১,৩৩৯,মিলিয়ন (২০১৭ )।
একটি পত্রিকার রিপোর্ট : —
আগরতলা বিমানবন্দরকে উন্নত ও বর্ধিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের ভেতরে জমি ব্যবহার করার অনুমতি চেয়েছে ভারত। এবছরের শেষে কিংবা পরের বছরের শুরুতে বিমানবন্দরটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কথা রয়েছে। সূত্র: ডেইলি স্টার ও নিউ এজ
গত জুলাই ২০১৮ তে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক এক মিটিংএ প্রথম এ প্রস্তাব পেশ করা হয়। এরপর গত এক বছরে একাধিকবার বিভিন্ন মিটিংয়ে এ প্রস্তাব পেশ করেছে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয় গত অক্টোবরে এর সাথে সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আগরতলা বিমানবন্দর বর্ধিত করতে ভারতকে বাংলাদেশের জমি ব্যবহার করতে দেয়া সম্ভব কিনা তা নিয়ে মিটিং করে। পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান,‘ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই বিষয়ে কয়েকটি মন্ত্রণালয় জড়িত এবং সবাই একসাথে এই বিষয়ে কাজ করছে।’
তিনি আরো বলেন, অক্টোবর ২০১৮তে হওয়া ঐ মিটিংয়ে উপস্থিত সকলে প্রস্তাবটিকে ভালোভাবে নিয়েছে এতে করে দেশের একটি অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবারে বলেন বাংলাদেশ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
তবে ভারত কতটুকু জমি চেয়েছে সে সম্পর্কে কেউই কিছু বলেনি। আগরতলা এয়ারপোর্ট আখাউড়ার চানপুর থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। কলকাতা ও গুয়াহাটি থেকে আগরতলা বিমানবন্দরে ল্যান্ড কিংবা টেকঅফ করতে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন হয়।
৭ আগস্ট ২০১৮ তারিখে এর নাম বদলে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট রাখা হয়।
উপরের পরিসংখ্যানটি দেওয়ার কারণটি বলি। সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং এর আংশিকভাবে ফ্রান্সের অংশে পরেছে। এই বিমানবন্দরটি সুইজারল্যান্ড ও ফ্রান্স উভয় অংশ থেকে অধিগমন করা যায় । তাছাড়া ইউরোপ ভবিষ্যতে একটি দেশের আকারে হতে যাচ্ছে। ইউরোপের অর্থনৈতিক/ব্যবসায়ীক/রাজনৈতিক অবস্থান একেবারেই ভিন্ন। ইউরোপের ট্রান্সপোটেশন মানে বিনা ভিসায় গমনাগমন, একই মুদ্রার ব্যবহার ( মূদ্রানীতি) এমনকি কর্মক্ষেত্রেও সুযোগ সুবিধে আলাদা। ইউরোপের ভৌগলিক সম্পর্ক দিন দিন আরো বড় ও জোরালো হচ্ছে। ইউরোপে এক দেশ আরেক দেশের প্রতি তেমনভাবে দাদাগিরি করার সুযোগ খুবই কম বা নাই। তাই বলছিলাম, কথায় বলে না , “কিসের মাঝে কি পানতাভাতে ঘি “! উপরের জমি ও মানুষ সংক্রান্ত পরিসংখ্যানটি দেওয়ার কারণ হলো , বাংলাদেশ উল্টো বিমানবন্দর করার জন্য ভারতের কাছে জমি চাইতে পারে । ভারত চায় কি করে ? এবং পররাষ্ট্র সচিবের কথা কেমন জানি অস্বাভাবিকতায় ( হবে স্বাভাবিক) ভরা মনে হচ্ছে ! এই বিষয়ে বলার উদ্দেশ্যে হলো , দেশের মানুষ কোনো আন্তর্জাতিক চুক্তির কিছুই জানতে পারে না, এমনকি সংসদও নয় ! উদাহরণ টাটকা দেওয়া যাবে। বাকিটুকু দেশের জনগণের জন্য রেখে দিলাম ভাববার জন্য ।
এবার বলি অন্য একটি অস্বাভাবিকতার কথা ( হবে স্বাভাবিক)। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ইউরোপের লন্ডনে আছেন। পত্রিকায় পড়লাম প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই ৯ জন নতুন সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ! আমি বলছি না , প্রধানমন্ত্রী দেশে না থাকলে এটা হতে পারে না বা উনি প্রবাসে বসে এই পদোন্নতির জন্য দস্তখত দিতে পারবেন না । অবশ্যই পারবেন , সেটা ডিজিটাল পদ্ধতিতে হোক বা অন্য কেউ কাগজ নিয়ে বিশেষ বিমানে গিয়ে করিয়ে আনুক, তাতে অসুবিধে নেই। প্রশ্ন করা যাবে কি , আর মাত্র একটি সপ্তাহ কেন অপেক্ষা করা গেলো না ? এতে কি এই নতুন ৯ সচিবের জন্য দেশ স্থির হয়ে যেতো ? প্রশ্নটি তুলছি কারণ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হঠাত্ করেই এই বিমানবন্দরটির আলোচনা এবং নতুন সচিবদের পদোন্নতি বলে। কেউ ভাববেন না , আমি কি কোনো স্বরযন্ত্রের আভাস দিচ্ছি কিনা ? না মোটেও না । তবে কেমন জানি অস্বাভাবিকতা ঠেকছে ( হবে স্বাভাবিক)। কেননা পররাষ্ট্র সচিবের কথা মোটেও ভালো ঠেকেনি।
এবার আসি আরেক অস্বাভাবিকতায় ( হবে স্বাভাবিক)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউসিজি ) এদের সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের সকল পরিবারের সদস্যদের চিকিৎসা এখন থেকে ভারতে হবে !!! ইতিমধ্যেই নারায়ণা হেলথ নামে একটি হাসপাতালের সাথে চুক্তি সাক্ষর হয়েছে ইউসিজি এর সাথে । হাসপাতালের চেয়ারম্যান ও উদ্যেক্তা হলেন খ্যাতনামা চিকিৎসক দেবী শেঠী। প্রশ্ন করা যাবে কি কেন , এই আলাদা হিসেব তাদের জন্য? তাদের মত জ্ঞাণীজন কি দেশের চিকিৎসায় বিশ্বাস রাখেন না বলে কি ? তাহলে তো আরো অনেক হাজারো দেশে সেবার জ্ঞাণীজন আছেন , তাদের ক্ষেত্রে কি হবে ? নাকি উনারা ছাড়া দেশের অন্য কোনো জ্ঞাণীজন নাই ? যারা দেশকে কিছু দেন। বড় প্রশ্ন হলো , এদের চিকিৎসার টাকা কি এই দেশ পেমেন্ট করবে ? এই দেশের জনগণ ? আমিতো ব্যক্তিগতভাবে মনে করি, এত্ত জ্ঞাণীজন হলে আগে দেশের ভিতরে ভালো হাসপাতালের বন্দবস্ত করার কথা বলা উচিত। কিছুই বুঝে আসলো না , তাই বিষয়টি তুললাম। কেমন জানি অস্বাভাবিকতা ঠেকে ( হবে স্বাভাবিক )।
প্রয়াত রাজনীতিবিদ (!) এরশাদের ভাই জি এম কাদের চেয়ারম্যান (জাপা)র একটি অতীব অস্বাভাবিকতা ( হবে স্বাভাবিক)। তিনি একজন সজ্জন ও ভদ্রলোক ( তুলনামূলক) বলে শুনেছি। এই ভদ্রলোক বন্যার ভাসমান মানুষদের ত্রাণ দিতে গিয়েছিলেন। শুনে ভালোই লেগেছে। অন্তত কোনো এক রাজনৈতিক দল ত্রাণ দিতে গেছেন, কেননা পত্রিকায় তেমন কোনো রাজনৈতিক দলকে ত্রাণের জন্য গিয়েছেন বলে ছবি দেখিনি ! ( হয়তো বা আমার দেখার ভুল হলেও হতে পারে, তবে সম্ভাবনা কম) । দুদিন পরে পত্রিকায় নিউজ দেখে হতভম্ব হওয়া ছাড়া উপায় থাকলো না ! পত্রিকার নিউজ, ” আড়াই লাখ টাকারও বেশি হেলিকপ্টার ভাড়ায় লালমনিরহাটে সর্ব সাকুল্যে দুই লাখ টাকার ত্রাণ বিতরণ ” !!! শুধু ভদ্রলোক হলেই কি এটা মেনে নিতে হবে ? নাকি এটাও রাজনৈতিক তামাশা ? অবশ্য এরশাদের জাপা বলে কথা ! এর বেশি আমি ব্যক্তিগতভাবে আশাও করি না । এটা কি অস্বাভাবিকতা নয় ( হব স্বাভাবিক)!
আরেক অস্বাভাবিকতা ( হবে স্বাভাবিক) কথা । প্রিয়া সাহা ! দেশের সরকার একবার চিন্তাও করলো না যে , উনাকে ডেকে এনে অন্তত জিজ্ঞাসা করা দরকার , কেন তিনি আমেরিকার মত ভয়ঙ্কর দেশের পাগলা টাইপের ট্রামকে এধরনের কথা বললেন ? যা কিনা বিশ্ব মিডিয়ায় ছড়ালো! এটা কি দেশের জন্য ভালো কিছু হলো ? না , এটা সরাসরি দেশদ্রোহী কাজ হলো ? এই ভদ্রমহিলার (!) একটি চুলেরও স্পর্শ হলো না ! উল্টো ভারতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি ! আর আমাদের পররাষ্ট্র মন্ত্রীর কি আহ্বান তা সবারই জানা । এটা কিসের আলামত ? আমি নিজেও লিখেছি এবং এটাত সত্যি এই দেশে স্বাধীনতার পরে হিন্দু সম্প্রদায়ের উপর এবং সম্পত্তিতে অনেক আঘাত এসেছে। তাই বলে কি , প্রিয়া সাহ্ সত্যি ? তবে কেন সরকার নিশ্চুপ ? অবশ্য গোঁড়া অনেক শক্ত কিনা এবং কেন ? এটা জনমানুষ নিশ্চয়ই জানে। এটা কি অস্বাভাবিকতা নয় ( হব স্বাভাবিক)! অপেক্ষায় থাকলাম, আগামীতে ভিন্ন কেউ কিছু বললে , কি প্রতিক্রিয়া হয় ।
ছোট্ট করে বলি বি চৌধুরির পুত্র মাহি বি চৌধুরির কথা , যা অস্বাভাবিকতা ( হব স্বাভাবিক) লাগে। মাত্রই কয়েক মাস পূর্বে কত রঙ করে পল্টি দিয়ে আওয়ামী ঘরে! হঠাত্ করে দুদকের নোটিশ ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ! এত পীড়িতি হঠাত্ ঠেঙানো কেন ? শোনা যায়, সরকার বিরোধী একটি দলের প্রধানের সাথে গোপনে বৈঠক ! বাহ্হ ! আবার বাজারের খবর , বাস্তবেই মার্কিন মূল্লুকে অঢেল সম্পত্তি র মালিক এই মাহি সাহেব। একটি ইন্টারনেট ঠিকানা ওই মুল্লুকের https://www.tad.org./property/0270097/ যে কেউ এই ঠিকানায় ঘেটে দেখতে পারেন, ঠিকানাটি আমিও পেয়েছি। আমার কোনো আপত্তি নেই মাহি সাহেব কোন দলে আছেন , সেটা নিয়ে । আমার প্রশ্নটি সেই অস্বাভাবিকতায় ( হবে স্বাভাবিক)! হঠাত্ কি এমন হলো ? সরকার এখন তার দিকে বন্দুক তাক করলো ? অবশ্য এই কাহিনীও নিশ্চয়ই সব থেমে যেতে পারে , যদি মাহি সাহেব উনার ঘাড় সোজা রাখেন বলেই মনে করি । অপেক্ষায় থাকলাম, দেখি ভবিষ্যতে কি হয় ? তবে একটা কথা না বলে পারছি না , এই মাহি সাহেব তার আপন বাপকে রাজনীতিতে অন্তত ভিলেন বানিয়ে ছেড়েছেন ! রাজনীতিতে এটা কি অস্বাভাবিকতা নয় ( হবে স্বাভাবিক)।
রাজনৈতিক অস্বাভাবিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাননীয় গায়শ্বর সাহেব ! আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থতা দিয়ে ফিরে আনুক , দোয়া ( গায়শ্বর)। অবশ্যই স্বাভাবিক তবে কেমন জানি অস্বাভাবিকতায় ( হবে স্বাভাবিক) ভরা। কেননা রাজনীতিবিদরা আ আ বললে প্রায় আমেরিকা পর্যন্ত বলে বুঝিয়ে দেন। স্বয়ং রাষ্ট্র বা প্রধানমন্ত্রী নিজে বলেনি যে , তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। অথচ জনাব গায়শ্বর সাহেব জেনে গেলেন ! লন্ডনে প্রধানমন্ত্রী জটিল রোগে ভুগছেন , এমনটা দাবী করে তার সুস্থতা কামনা করেন জনাব গায়শ্বর সাহেব ! পত্রিকার খবর । আমি ধরেই নিচ্ছি ( তর্কের খাতিরে) প্রধানমন্ত্রী লন্ডনে জটিল রোগে ভুগছেন । তারপরেও বলতে হয় , এটা এখনও কারো পক্ষ থেকে আসেনি । তাহলে হঠাত্ করে গায়শ্বর সাহেবের কেন মনে এত ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য । তাছাড়া জনগণ কিন্তু সব ভাষ্যেই বুঝে। এটা কি রাজনীতিতে অস্বাভাবিকতা নয় ( হব স্বাভাবিক)।
লেখার শেষে স্বয়ং প্রধানমন্ত্রীর একটি অস্বাভাবিকতার কথা বলেই শেষ করবো। (এটা সত্যি স্বাভাবিক হবে) । “কিছু দিন আগে আমি সকল নেতা কর্মীদের ডেকে মিনতি করে বলছিলাম, আওয়ামীলীগ তথা দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। তিন দিন আগের কথা ভুলে গিয়ে কিছু আওয়ামী নামধারী কুলাঙ্গার আমাকে ক্ষতবিক্ষত করে দিলো। সকল তথ্য আমার কাছে আছে খন্দকার মোস্তাকরা, আমার বাবার মত অন্ধ বিশ্বাস আমি তোমাদের করবো না। আমার বাবা বিশ্বাস করেছিলো বলে স্ব পরিবারে প্রান দিয়ে তার চরম মূল্য দিতে হয়েছিল। অনেক দেখেছি আর নয় কেন্দ্রীয় নেতা হন আর জেলার নেতা, কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক না কেন। মুখে নৌকা অন্তরে ধানের শিষ, মুখে মুজিব আদর্শ আর মনের ভিতরে নিজের স্বার্থ। আমি রাত দিন পরিশ্রম করে দেশের মানুষের কল্যানে দেশের উন্নয়নের জন্য কাজ করি আর আপনারা কি করেন তার হিসাব আমাকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী
——-শেখ হাসিনা ”
একবার ভাবুনতো , আমাদের রাজনীতি সত্যি সত্যি কোথায় দাঁড়িয়ে আছে। এখানে ছোট্ট করে একটি কথা বলি। কেন মাননীয় প্রধানমন্ত্রী কে আজকে এমন করে বলতে হচ্ছে ? শুদ্ধস্বর পত্রিকার হাবিব বাবুল ভাইয়ের সাথে প্রায়শই টেলিফোনে কথা হয়। গতকাল কথা বলার ফাঁকে হাবিব বাবুল ভাই একটি প্রশ্ন করেছিলেন, আচ্ছা আওয়ামী সরকারে বর্তমানে গোড়া থেকে আওয়ামী রাজনীতি করা কেবলমাত্র ওবায়দুল কাদের ছাড়া আর কে অবশিষ্ট আছে? হাবিব বাবুল ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি, ” একমাত্র জনাব ওবায়দুল কাদের ছাড়া আওয়ামী সরকারে কে আর আছেন , যিনি সত্যি সত্যি গোড়া থেকে আওয়ামী রাজনীতির লোক ” ? প্রশ্নটি প্রধানমন্ত্রী ছাড়াও সকল আওয়ামী কর্মি /নেতাদের জন্য রেখে দিলাম। এটাও কি রাজনীতিতে অস্বাভাবিকতা নয় ( হবে স্বাভাবিক)।
সব শেষে ডেঙ্গু দুর্যোগে সকলে যেন নিরাপদে থাকতে পারে, আর যারা ইতিমধ্যেই পরলোক গমন করেছেন, তাদের জন্য পরকাল সুন্দর হোক সেই কামনা করি। দ্রুত দেশ ডেঙ্গু মুক্ত পরিবেশে ফিরে আসুক।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম।

