ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনদিনের সফরে ঢাকায় এসেছেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় এসেছেন জয়শঙ্কর। ঢাকা সফরকালে মঙ্গলবার সকাল ১১টায় রাষ্টীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করবেন।

ঢাকায় নেমে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময়ই ভালো। এ সফরে অনেক বিষয়ে আলোচনা হবে। দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

জয়শঙ্কর ধানমণ্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন বলে জানা গেছে। এ ছাড়াও শেখ হাসিনার সফরের বিস্তারিত কর্মসূচি এই সফরে নির্ধারণ করা হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ইতঃপূর্বে দেশটির পররাষ্ট্র সচিব থাকাকালে বাংলাদেশ সফর করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশী প্রথম’ নীতির আলোকে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফর করেছেন ভুটান। সেই নীতির আলোকে এবার বাংলাদেশ সফর করছেন। মোদির ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত জয়শঙ্কর দেশটির বর্তমান সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.