বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আজ হোক কাল হোক সরকার পতনের আন্দোলন ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। প্রেস ক্লাব ভাড়া করে প্রোগ্রাম করলে খালেদা জিয়ার মুক্তি হবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘ডেঙ্গুর ভয়াবহতা: জন আতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, যে সরকারের নৈতিক ভিত্তি নাই কোনো জনসমর্থন নাই দায়বদ্ধতা নাই, সেই সরকারের প্রতি জনগণেরও কোনো দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি না।
শেখ হাসিনা যদি ছাড়বেই তাহলে খালেদা জিয়াকে কেন জেলে নেবে প্রশ্ন করে তিনি আমরা তাকে মুক্ত করতে চাই কি না সে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। সুতরাং বিএনপির মতো একটা দল যে আন্দোলন করার যোগ্যতা রাখে সেই আন্দোলন না করলে খালেদা জিয়া মুক্তি পাবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাজ কাম পান না, তাই প্রেসক্লাব ভাড়া করে প্রোগ্রাম করেন। এসব করে খালেদা জিয়ার মুক্তি হবে না।
শুদ্ধস্বর/এস এ কে

