আমরা যখন ৭০ দশকের শেষের দিকে জার্মানিতে আসি , তখন ঈদ কখন আসতো আমরা টের পেতাম না , দেশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল , চিঠিপত্র । সেকালে চিঠির জন্য আমাদের প্রতীক্ষার সময়গুলোর কথা এখনও মনে পড়ে , সেকালে ঈদের কথা জানতে পারতাম দেশের চিঠির মাধ্যমে , ঘনিষ্ঠ কোন বন্ধু ঈদের শুভেচ্ছা কার্ড পাঠাতো ডাক যোগে সেই কার্ডেই ঈদের আমেজ অনুভব করতাম, সেই কার্ড এসে পৌঁছাত ঈদের অনেকদিন পর । বেশীরভাগ প্রবাসীই ঈদের দিনেও কাজেই ব্যস্ত থাকতো , ঈদের নামাজ পড়ার কোন বাংলাদেশী মসজিদ ফ্রাঙ্কফুর্টে ছিল না । ফলে আমাদের অনেক ঈদ কেটে গেছে ঈদের নামাজ ছাড়াই । তারপর আশির দশকে বাংলাদেশের সাথে সরাসরি টেলিফোন যোগাযোগ শুরু হয় জার্মানির , এই যোগাযোগই দেশকে আমাদের আরও কাছে নিয়ে আসে , যদিও সেই সময়ে টেলিফোন খুব ব্যয়বহুল ছিল , তারপরও অন্তত ঈদের দিন প্রায় সবাই দেশে আত্মীয়স্বজন , পরিবারের সবার সাথে ফোনে কথা বলে ঈদের আমেজ নেয়ার চেষ্টা করতো । ঈদের দিনে প্রবাসীরা পরিবারের কাছে ফোন করে জানতে চাইতো , সবাই ঈদের কাপড়চোপড় কিনেছে কিনা বা পাঠানো টাকা পৌঁছেছে কি না ।দেশ থেকেও জানতে চাইতো আমরা কিভাবে ঈদ করছি , আমরা বলতাম ভালোভাবেই করছি , আসল সত্যটা আমার আকেউ জানাতাম না । ঈদের দিন অনেকেই কাজ থেকে ছুটি নিতে পারতোনা বা ছুটি নিয়েও ঈদ টা নিরান্দেই কাটাতো ।
একালে ঈদ অন্যরকম , প্রায় জার্মানির প্রত্যেকটা বড় শহরেই বাংলাদেশী মসজিদ আছে , বড় বড় গ্রসারি শপ আছে । দেশের সাথে যোগাযোগের ধরনটাও পাল্টে গেছে । ঈদের কেনাকাটা এখন অনলাইনে করা যায় , দেশের সাথে সারাক্ষনই যোগাযোগ থাকে , ভাইবার , হোয়াটসআপ , ইমো, মেসেঞ্জার , আরও কত কি ।বাংলাদেশে কে কি জামাকাপড় কিনল লাইভ দেখতে পাচ্ছে সবাই , প্রবাসীরা তাদের রান্না বান্না দেখাচ্ছে মেসেঞ্জারে , মনে হয় সবাই একই সাথে ঈদ করছে ,ঈদের নামাজ থেকেই ছবি তুলে আপলোড হচ্ছে ফেসবুকে , সবাই মুহূর্তের মধ্যেই জেনে যাচ্ছে ঈদের দিনে কে কি করছে । কি রান্না করেছে , কি খাচ্ছে তার ছবিও ফেসবুকে আপলোড হচ্ছে সাথে সাথে । পরিচিত অপরিচিত সবাই সবার ঈদের আয়োজন আপ্যায়নের খবর জেনে যাচ্ছে খুব সহজেই । পৃথিবীর মধ্যে নতুন একটা পৃথিবীর সৃষ্টি হয়েছে তার নাম ভার্চুয়াল পৃথিবী , এখানে কোন দেশ নেই সবাই যেন বিশ্বনাগরিক । এই ভার্চুয়াল পৃথিবীতে দূরত্ব বলতে কিছু নেই , সবাই যেন একটি পরিবারের সদস্য । এখানে আনন্দ , বেদনা, দুঃখ, কষ্ট সবাই সবার সাথে শেয়ার করছে ।বিচ্ছিন্নতার দুঃখবোধ কিছুটা হলেও লাঘব হচ্ছে । ইনবক্সে ঈদের শুভেচ্ছা আসছে রাশি রাশি , ভালোবাসায় সিক্ত হচ্ছে মানুষ প্রতিমুহূর্তে । প্রবাসীর ঈদও আনন্দময় হয়ে উঠছে । প্রবাস এখন আর প্রবাস মনে হয় না । মনে হয় স্বদেশেই আছি । এভাবেই চলুক প্রবাসী জীবন ।

হাবিব বাবুল
প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডটকম

