কার্যত চুক্তিহীন ব্রেক্সিটের পথে ব্রিটেন৷ মসনদ থেকে টেরেসা মে’র প্রস্থানেও কাটছে না জট৷ প্রধানমন্ত্রী পদে বসে মুখে আত্মবিশ্বাস দেখালেও, হালে পানি পাচ্ছেন না মে’র উত্তরসূরী বরিস জনসন৷ এবার ব্রিটিশ কোর্টে বল ঠেলে দিয়ে, প্রধানমন্ত্রী জনসনকে রফাসূত্র খুঁজে বের করতে ৩০ দিন সময় দিলেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল৷ এর অন্যথায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিনা চুক্তিতে প্রস্থান করতে হবে ব্রিটেনকে৷
বুধবার বার্লিনে অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে সাক্ষাৎ করেন বরিস জনসন৷ জি-৭ সামিটের আগে এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ সম্প্রতি, ব্রেক্সিট নিয়ে জার্মানি-সহ অন্যান্য ইইউ সদস্যদের সঙ্গে কূটনৈতিক চাপানউতোর চলছে ব্রিটেনের৷ সমাধান খুঁজতে অসমর্থ হয়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফাও দেন টেরেসা মে৷ তারপরই কনজারভেটিভ দলের রাশ ধরেন জনসন৷ তবে তাঁর কাছেও যে পথ খুব সুগম নয়, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মর্কেল৷
এদিন ব্রেক্সিট নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির দায় জনসনের কাঁধেই চাপিয়ে দিলেন জার্মান চ্যান্সেলর৷ তিনি বলেন, ‘৩০ দিনের মধ্যে রফাসূত্র বের করুক ব্রিটেন৷ তাদের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ড এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড সীমায় ব্রেক্সিট সংক্রান্ত জটিলতা মোকাবিলায় খসড়া তৈরি হলে বাকি সমস্যাও মিটে যাবে৷ ব্রিটেন আগেও বহু সমস্যার সমাধান করেছে৷ তারা এই জটও খুলতে সক্ষম হবে বলে আমি মনে করি৷’এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, মর্কেলের একটি বিখ্যাত উক্তি আউড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘আমরা ব্যবস্থা করে নেব’৷
শুদ্ধস্বর/আইপি

