ডেঙ্গু অক্রান্ত হয়ে শতাধিক পুলিশ হাসপাতালে

দুই মাসে রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি পুলিশ সদস্য। বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক সদস্য।

আগের তুলনায় এবারের ডেঙ্গু জ্বর আরও মারাত্মক বলে জানান চিকিৎসকরা।

ঢাকার অন্যান্য হাসপাতালের মতো ডেঙ্গুজ্বরের রোগীতে ভরে গেছে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালও। এখানে চিকিৎসা নেয়া সবাই পুলিশে কর্মরত অথবা তাদের পরিবারের সদস্য।

আক্রান্তদের জ্বরের সঙ্গে শরীর ব্যথা, পাতলা পায়খানা আর বমি। অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে রক্তের প্লাটিলেট বা অনুচক্রিকা। স্থান সংকুলানে হাসপাতালের ফ্লোরেও পাতা হয়েছে বিছানা।

পুলিশ সদস্যরা বললেন, ডেঙ্গ জ্বরে আক্রান্ত হওয়ার পর অনেক সমস্যা দেখা দিলেও চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ অনুভব হচ্ছে। পুলিশ সদস্যদের পরিবারে আক্রান্ত শিশুদের অবস্থা সবচেয়ে জটিল।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আসাদুজ্জামান বলেন, বড়দের পাশাপাশি শিশুও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। ডেঙ্গুজ্বরের ফলে তাদের প্রেশার অনেক কমে যাচ্ছে এবং ঘন ঘন বমি হচ্ছে, এতে তাদের শারীরিক অবস্থারও নানা পরিবর্তন হচ্ছে। এসব শিশুদেরকে আমরা আলাদাভাবে দেখাশোনার চেষ্টা করছি।

ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করাতে এই হাসপাতালে প্রতিদিন আসছেন দুই শতাধিক পুলিশ সদস্য। এরমধ্যে ৬০-৭০ জনের ধরা পড়ছে ডেঙ্গু।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নিজাম উদ্দিন জানান, দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৬০ জন। বর্তমানে ভর্তি আছেন ১৬৫ জন। এর মধ্যে পুলিশ সদস্য ১১৮। আক্রান্ত পুলিশ সদস্যদের প্রায় সবাই কনেস্টবল পদে কর্মরত।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.