জেদ্দা বিমানবন্দরে বিমানের ৭১ জন কর্মকর্তা আটক

হাজীদের ফিরতি ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনার কাজে সৌদিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে দেশটির ইমিগ্রেশন আটক করে রেখেছে। তাদেরকে জেদ্দা বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে বলে জানা গেছে।

সৌদিতে বিমানের স্টেশন সূত্র গণমাধ্যমকে   নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এবারের ফিরতি হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের ওই কর্মকর্তা-কর্মচারীদের ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। গত ৭ আগস্ট যাওয়ার শর্তে ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। কিন্তু বিমানের ওই কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত তারিখে যাননি। তারা রোববার বিমানের একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। এ সময় সৌদি ইমগ্রেশন তাদেরকে আটকে দেয়। নির্ধারিত তারিখে না যাওয়ায় সেটিকে অবৈধ বলে ওই ৭১ কর্মকর্তা-কর্মচারীদের দেশে ফিরিয়ে আনার কথা বলে সৌদি কর্তৃপক্ষ। সোমবারের মধ্যে তাদেরকে ফেরত না আনলে আইনগত ব্যবস্থা নেয়ারও আলটিমেটাম দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষ ওই ৭১ কর্মকর্তা-কর্মচারীদের আটক করে বলেছে, তোমরা অবৈধ। তোমাদেরকে ডিপোর্ট  করে দিলাম। পরে তাদেরকে বিমানবন্দরের লাউঞ্জে আটকে রাখা হয়েছে।

এদিকে রোববার ওই কর্মকর্তা-কর্মচারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও আনা যায়নি। পরে সোমবার বিমানের একটি ফ্লাইটের অন্য যাত্রীদের নামিয়ে ওই কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে। সোমবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি বলে জানায় সৌদিতে অবস্থিত বিমানের স্টেশন সূত্র।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.