৩০-শে জুন ২০১৯, মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি নামীদামী হোটেল, যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রায় সবকটি দেশের এম্বাসেডর ও আরো অনেকে। এছাড়া ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশের অনেকে। সেখানে নীল জার্সি পরিহিত কয়েকজন বাংলাদেশীকে ডেকে পাঠালো অনুষ্ঠানের প্রধান অতিথি, তুলে দিল চ্যাম্পিয়নের একটি চকচকে কাপ, তারপর উপস্থিত সকলকে দাঁড়ানোর অনুরোধ করার কিছুক্ষণে বেজে উঠলো মনোমুগ্ধকর বাজনা “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি”। বুকে হাত বেঁধে চোখ ছলছলে চোখে গলায় মেডেল ও হাতে কাপ নিয়ে উচ্চস্বরে গেয়ে উঠলেন গর্বিত বাংলাদেশের ব্রীজ দলের সদস্যরা। সবাই দেখলো, সম্মান জানালো।
মেধার খেলা ব্রীজের বিশ্বকাপ খেলা হয়ে থাকে প্রতি দুই বছর অন্তর। ২০১৭ সালে ফ্রান্সের লিও-তে অনুষ্ঠিত হওয়া শেষ বিশ্বকাপে প্রথমবারের মত অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ এবং এবার আবার সেই যোগ্যতা অর্জন করে নিল বাংলাদেশ ব্রীজ দলের সদস্যরা। বিশ্বব্যাপী অনুষ্ঠিত এই আয়োজন “বারমুডা বোল” নামেই সমধিক প্রচলিত, যেখানে রাজত্ব করে ইউরোপ,আমেরিকার দেশগুলোই। তবে আর সকল ক্ষেত্রের মত ব্রীজেও এশিয়ার দেশগুলো দৌরাত্ব্য দেখানো শুরু করেছে কয়েকবছর ধরেই। দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্য থেকে দুইটি দল বারমুডা বোলে অংশগ্রহণের সুযোগ পায়, যা নির্ধারিত হয়ে থাকে বিএফএএমই (ব্রীজ ফেডারেশন অফ এশিয়া মিডল এন্ড ইস্ট) কর্তৃক আয়োজিত একটি টুর্নামেন্টের মাধ্যমে। ২৪শে জুন থেকে রোজ তিন রাউন্ড করে দীর্ঘ সময়ব্যাপী খেলায় ধৈর্য ও মেধার সঠিক প্রয়োগ করে বাংলাদেশ সেমিফাইনালে উঠে আসে। সেমিতে পাকিস্থানের বিপক্ষে টানটান উত্তেজনার খেলায় শেষ মুহূর্তের জয়ে বাংলাদেশ উঠে আসে ফাইনালে এবং নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট। কিন্তু তখনো হাল ছাড়েনি বাংলাদেশের বাঘেরা। গ্রুপপরবে টুর্নামেন্টের টানা ১২ বারের চ্যাম্পিয়ন ভারত এগিয়ে থাকায় ৬ পয়েন্ট বেশি নিয়ে শুরু করে ফাইনাল। দুই রাউন্ডের ফাইনালে ভারতকে আর দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ০-৬ থেকে শুরু করে বাংলাদেশ প্রথম রাউন্ড শেষ করে ৩২-২২ পয়েন্টে এগিয়ে থেকে এবং দ্বিতীয় রাউন্ডে ব্যাবধান আরো বাড়িয়ে ম্যাচ জিতে নেয় ৬০-৪৬ এ। এবং প্রথমবারের মত মধ্য ও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দল হিসেবে বারমুডা বোল-এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
২০১৯ সালের বারমুডা বোল-এর আয়োজক দেশ চীন। ২ তারিখ রাত ৩ টায় দেশে পৌঁছাবে বাংলাদেশ দল। তাদের অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন ব্রীজ ফেডারেশনের সদস্যবৃন্দ ও খেলোয়াড়েরা। এছাড়া এবারের সফরে আরো দুটো সুখবর নিয়ে আসছে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি জনাব মুশফিকুর রহমান মোহন। বিএফএএমই-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এবং প্রথমবারের মত ২০২৩ সালে বিএফএএমই চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্রীজের পালে এই সুদিনের হাওয়া বিষয়ে ব্রীজ ফেডারেশনের সভাপতি জনাব মুশফিকুর রহমান মোহন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ ব্রীজের বিপুল সম্ভাবনার কথা জানান। সাথে সাথে তিনি শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ব্রীজের এই বিশাল অর্জন সকলের কাছে পৌঁছাবে তো? এদেশের মানুষ নিজ দেশকে নিয়ে গর্ব করার আরো একটা উপলক্ষ যে পেয়েছে তা যেন তারা জানতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোঃ মেহেদী হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়

