রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামী দিনে এটাই হবে বৈশ্বিক সংকটঃগওহর রিজভী

রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামী দিনে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার (০৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

বিস মিলনায়তনে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা’- শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিস।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। অনুষ্ঠানে বিস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের (আইডিএসএ) মহাপরিচালক সুজন আর চিনয়, বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আব্দুর রহমান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, রোহিঙ্গা সংকট রাতারাতি তৈরি হয়নি। মিয়ানমার অনেক আগে থেকেই পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে। এই সংকট বর্তমানে বাংলাদেশের হলেও আগামীতে এটাই হবে বৈশ্বিক সংকট। তাই এই সংকট মোকাবিলায় সবারই ভূমিকা থাকা প্রয়োজন।

রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ড. গওহর রিজভী বলেন, বিগত এক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা, গণসংযোগ প্রভৃতি। ভবিষ্যতেও বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করবে এবং পারস্পরিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে।

সেমিনারে ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের (আইডিএসএ) মহাপরিচালক সুজন আর চিনয় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। উভয় দেশই আন্তঃযোগাযোগ, বাণিজ্য, অর্থনৈতিক, নিরাপত্তা সহযোগিতা ইত্যাদি বিষয়ে কাজ করছে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.