বরগুনা সদরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কামরুল হাসান জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।
এর আগে মিন্নির দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার এবং হাসপাতালে তার উপযুক্ত চিকিৎসা দেয়ার আবেদনও নামঞ্জুর করেন আদালত।
সোমবার আদালতে ১৬৪ ধারায় দেয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহার চেয়ে তাকে আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় আইনজীবী মিন্নি অসুস্থ বলেও দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার আবেদন করেন। দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী।
এর আগের দিন রোববার মিন্নির জামিন চেয়ে আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন।
প্রসঙ্গত ১৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিজ্ঞাসাবাদ ও তার বক্তব্য রেকর্ড করতে বরগুনা পুলিশলাইনসে নিয়ে যায় পুলিশ। এর পর দীর্ঘ ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।
পর দিন মিন্নিকে আদালতে হাজির করা হয়। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত মিন্নির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী।
শুদ্ধস্বর/এস এ কে

