দুদক পরিচালক এনামুল বাছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ

অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কড়া পুলিশ পাহারায় খন্দকার এনামুল বাছিরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুদকের তদন্ত টিমের প্রধান শেখ মো. ফানাফিল্লাহর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি টিম মিরপুরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে রমনা থানাহাজতে হস্তান্তর করা হয়।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৭ জুলাই মামলা করে দুদক। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিওর সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মিজান কিছু দিন আগে গ্রেফতার হলেও বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়। অতঃপর সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.