দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন-আমেরিকার রাজনীতি

অ্যাডভোকেট আনসার খান:ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্ব বিশ্ব রাজনীতির একটা আলোচ্য বিষয় বলে অভিমত সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের। বিশ্ব শক্তিগুলোর, বিশেষ করে পশ্চিমের ঠান্ডা যুদ্ধ পরবর্তীতে এ অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য আমেরিকা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে আসছে। অপর দিকে, এশিয়ার উদীয়মান শক্তি চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র সমূহ ও এর পানি প্রবাহের ওপর প্রভাব-প্রতিপত্তি স্থাপনের লক্ষ্যে বহুমুখি প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এশিয়া মহাদেশের একটা উপঅঞ্চল হলো দক্ষিণ-পূর্ব এশিয়া। ভৌগোলিকভাবে এর চারদিকে রয়েছে, দক্ষিণে চীন ও জাপান, পূর্বে- ভারত, পশ্চিমে- পাপুয়া নিউগিনি এবং উত্তরে- অস্ট্রেলিয়া। চার বাউন্ডারীর মধ্যের উপঅঞ্চল হলো, দক্ষিণ-পূর্ব এশিয়া। একজন আমেরিকান লজিক হাওয়ার্ড ম্যাক কলাম তাঁর বই- ‘ট্রেভেলস ইন সাউথ-ইস্টার্ন এশিয়া’তে অর্থাঞ্চলকে প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়া হিসেবে অভিহিত করেছিলেন ১৮৩৯ সালে সেই থেকে এ অঞ্চল দক্ষিণ-পূর্ব এশিয়া হিসেবে পরিচিত পেয়েছে বিশ্ব পরিমন্ডলে। এঅঞ্চল আবার মেইনল্যান্ড এবং ‘মেরিটাইম, দুটি অঞ্চলে বিভক্ত। এ অঞ্চলের মোট রাষ্ট্র সংখ্যা এগারো। সেগুলো হলো, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দ্যা ফিলিপাইনস, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই ও পূর্ব তিমুর। এ রাষ্ট্রগুলোর মোট জনসংখ্যা ৬৪২ মিলিয়নেরও অধিক। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান জলপ্রবাহ হলো দক্ষিণ চীন সাগর। পিপিপি’র হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মোট জিডিপি হলো- ৭.৬ ট্রিলিয়ন আমেরিকান ডলার।
ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকায় পণ্য রপ্তানির পাওয়ার হাউস খ্যাত এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান- এ তিন দেশ তার কনজ্যুমার বাজারে পণ্য রপ্তানীর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার জল প্রবাহের গুরুত্বপূর্ণ, শিপিং লাইন্স ব্যবহার করা ব্যতীত বিকল্প নৌপথ নেই। একই সাথে এ তিন দেশে কাঁচামাল, তেল-গ্যাস ইত্যাদি সরবরাহকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও উপরে বর্ণিত শিপিং লাইন্স ব্যবহার করতে হয়। এ শিপিং লাইন দিয়ে প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন আমেরিকান ডলার সমপরিমাণের পণ্যদ্রব্যাদি এবং তৈল-গ্যাস বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। তাই এ শিপিং লাইন কোনো কারণে বন্ধ বা অবরুদ্ধ হয়ে পড়লে বর্ণিত পাওয়ার হাউসগুলার উন্নয়নের চাবিকাঠি আমদানী-রপ্তানী বাণিজ্য সম্পূর্ণ অকেজো হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে চীনের একক এশিয়ান শক্তি ও বিশ্ব শক্তি হিসেবে উত্থানের পথে মারাত্মক প্রতিবন্ধকতারও সৃষ্টি হবে। তাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত বলে চীনা কর্তৃপক্ষের অভিমত।
অন্যদিকে, ভূকৌশলগত অবস্থান ও ভূরাজনীতির গুরুত্বের কারণে এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা স্বার্থের দিক বিবেচনায় এবং সর্বোপরি চীনের উত্থানের দিকে লক্ষ্য রেখেই আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বলয় বৃদ্ধি ও অব্যাহত রাখার চেষ্টা করছে এবং এ জন্য এ দেশগুলো তাদের সক্ষমতা বৃদ্ধিরও চেষ্টা করছে।
অর্থাৎ এটা স্পষ্ট যে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজ নিজ প্রভাব-প্রতিপত্তি বা ডমিন্যান্স স্থাপনের জন্য চীন এবং অপরদিকে, আমেরিকা ও তার মিত্র অস্ট্রেলিয়া, ভারত ও জাপান প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে এবং এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া এখন সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হিসেবে গণ্য হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর অর্থনীতি, এর জনসংখ্যা, এর জলপ্রবাহের কারণে ব্যবসা-বাণিজ্যের সুবিধা, পশ্চিম ও এশিয়ার মধ্যে নৌযোগাযোগের সুবিধা, গুরুত্বপূর্ণ চৌক পয়েন্টগুলোর সাথে দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগরের সাথে সংযোগ থাকা, সামরিক ও কৌশলগত দিক দিয়ে বিশ্ব রাজনীতির প্রভাবকের ভূমিকা পালন করার সুবিধা রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর। এ কারণে ২০১০ সালে মালয়েশিয়া সফরকালে তখনকার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন বলেছিলেন, ওবামা প্রশাসন ও আমি এ অঞ্চলকে গুরুত্বের সাথে নিয়েছি, এ অঞ্চলের সাথে আমেরিকার সম্পর্ক নতুন করে মূল্যায়িত করা হচ্ছে। কেননা আমরা মনে করি একুশ শতকে এ অঞ্চল বিশ্বের জন্য যেমন অনেক সুযোগ-সুবিধার দ্বার খুলে দেবে-তেমনি বিশ্ব ব্যবস্থার জন্য শান্তি নিরাপত্তা ও সামরিক দিক দিয়ে অনেক নতুন নতুন চ্যালেঞ্জের কেন্দ্রও হয়ে ওঠবে দক্ষিণ-পূর্ব এশিয়া।
চীন হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নিকট প্রতিবেশী রাষ্ট্র। এশিয়া অঞ্চলে, সর্বোপরি বিশ্ব ব্যবস্থার চালিকা শক্তি হিসেবে স্থান করে নিতে চাইছে চীন। এ জন্য চীন তার সামরিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বশক্তি নিয়োগ করেছে, এশিয়ার অন্যসব রাষ্ট্র বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাইছে। ফলে চীন তার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে এবং পূর্বের সকল নীতি ভংগ করে ১৯৯৭-১৯৯৮ সালের অর্থনৈতিক মন্দার সময় আসিয়ানভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোতে সাহায্যের হাত প্রসারিত করেছিল এবং এভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে চীন। চীন মনে করে তার অর্থনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণে এ সকল দেশের সহযোগিতা পাবে। উল্লেখ্য যে, দীর্ঘ কয়েক দশকের নীরবতা ভেংগে ১৯৯০ সাল থেকেই চীন তার প্রতিবেশী এশিয়ার সকল দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এভাবে দেশটি অর্থনৈতিক বিশ্ব শক্তির স্থানটা নিজ দখলে নিয়ে আসতে চাইছে।
চীনের অর্থনৈতিক ও সামরিক উন্নয়ন ও শক্তি সঞ্চয় এশিয়ার ভূরাজনীতিতে এমনকি বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কারণ, চীনের দক্ষিণ-পূর্ব এশিয়া সম্পর্কিত অর্থনৈতিক নীতির কারণে ওখানকার রাষ্ট্রগুলো ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। অন্যদিকে, আমেরিকা ও ঐ অঞ্চলে তার অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতিতে রিব্যালান্স করে চীনের প্রভাব বৃদ্ধি ঠেকিয়ে দেবার চেষ্টা করছে। এ অঞ্চলের আধিপত্যকারী অন্যতম খেলোয়াড় আমেরিকা কখনো চাইবে না ওখানটায় চীন একক শক্তিধর খেলোয়াড় হিসেবে আবির্ভূত হোক।ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রেট গেইম অব জিওপলিটিক্স সংক্রান্ত প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই অডিটসাইডার খেলোয়াড় চীন ও আমেরিকার ভূকৌশলগত সংঘাত ও দ্বন্দ্বের ফলে এ অঞ্চলের রাষ্ট্রগুলোর বড়ধরনের অর্থনৈতিক, সামরিক এবং অন্যবিধ ঝুঁকি বিদ্যমান রয়েছে।
চীন-আমেরিকার মধ্যেকার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতার মূল ক্ষেত্র হবে দক্ষিণ চীন সাগর। এ সাগরের ওপর চীন একক প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে অনেক বছর ধরেই। পক্ষান্তরে আমেরিকা বলে আসছে এ সাগরের ওপর তার মিত্র রাষ্ট্রগুলোর ভূমি-অধিকার রয়েছে তার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সাগরের ওপর সকল রাষ্ট্রের নেভিগেশনের স্বাধীনতার অধিকার মেনে নিতে হবে চীনকে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরই হবে উভয় রাষ্ট্রের সংঘাত বা যুদ্ধের বড় ক্ষেত্র।
আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে চীনের সম্পর্কোন্নয়ন দেশটির অর্থনৈতিক উন্নয়নে সুফল দিয়েছে, আবার আঞ্চলিক রাষ্ট্রগুলোর উন্নয়নেও ভূমিকা রাখছে। অপরদিকে, এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাথে চীনের ব্যবসায়িক ও ফিনানসিয়াল সম্পর্কও জোরদার হয়েছে। বর্তমানে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি। অর্থাৎ আমেরিকার অর্থনীতির পরেই চীনের অবস্থান এবং ২০৩০ সালের মধ্যেই আমেরিকাকে পেছনে ফেলে চীনের অর্থনীতি বিশ্বের প্রথম স্থান দখল করবে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানীকারক দেশ এবং সহসাই চীন বিশ্বের বৃহৎ আমদানীকারক রাষ্ট্রের স্থান দখল করতে যাচ্ছে বল বিশেষজ্ঞদের অভিমত। বৃহৎ অর্থনীতি ও ব্যবসায়িক অর্থনীতির দেশ চীন সামরিক ক্ষেত্রেও ব্যাপক শক্তি সঞ্চয় করেছে এবং এশিয়া অঞ্চলে তার প্রভাবপতিপত্তি স্থাপনের উদ্দেশ্যে ভূরাজনীতি, ভূকৌশলগত স্থানে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ানভুক্ত) রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার করার কৌশল নিয়ে তার পররাষ্ট্রনীতি ঢেলে সাজিয়েছে ১৯৯০ সালের গোড়ার দিকে এবং পরবর্তীতে সে ধারা অব্যাহত আছে, সম্পর্ক গভীরতর হচ্ছে সে দেশগুলোর সাথে। বলা হয় যে, চীনের অর্থনৈতিক কূটনীতি সুফল পেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
আমেরিকাও ঠান্ডা যুদ্ধের পর থেকে তার পররাষ্ট্রনীতিকে এশিয়ামুখী করেছে। তারও লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার পানি প্রবাহ ও এর বৃহৎ মার্কেটের দিকে। ওখানকার রাষ্ট্রগুলোর সংগঠন ‘আসিয়ান’ বা ‘এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ার ন্যাশন্স’-এর অন্তর্ভুক্ত ১০টা রাষ্ট্রের কমপক্ষে হাফ মিলিয়ন জনসংখ্যার মার্কেটের প্রতিনিধিত্ব করছে আসিয়ান। আসিয়ানের সবচেয়ে বৃহৎ পানি প্রবাহ হলো দক্ষিণ সাগর। এ সাগরের বিভিন্ন চৌক পয়েন্ট দিয়ে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সাথে নৌযোগাযোগ, নৌ বাণিজ্য এবং সামরিক কনটেইনারগুলো চলাচল করে। তাই বৃহৎ শক্তি হিসেবে ওখানটায় আধিপত্য স্থাপন করা যেমন চীনের জন্য অপরিহার্য, তেমনি আমেরিকার জন্যও গুরুত্বপূর্ণ। আমেরিকাও তাই অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও বাণিজ্যিক সহযোগিতা পূর্বের তুলনায় ব্যাপকতর করেছে এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাথে।
আসিয়ানের কম্বাইন্ড জিডিপির প্রবৃদ্ধির হার বিশ্বের এভারেজ জিডিপির প্রায় দ্বিগুণ। কানাডা, মেক্সিকো ও চীনের পরেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমেরিকার পণ্য রপ্তানির দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। অর্থাৎ আমেরিকার জন্য বৃহৎ পণ্য আমদানীর বাজার হলো দক্ষিণ-পূর্ব এশিয়া। অন্যদিকে, আমেরিকা মোট রপ্তানী পণ্যের ৫.২% শতাংশ অত্রাঞ্চলে রপ্তানী করে থাকে। যেমন: ২০১৮ সালে আমেরিকা ঐ অঞ্চলে ৮৬.২ বিলিয়ন ডলার মূল্যের পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানী করেছিলো।
এতদাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, আমদানী-রপ্তানী কাজের জন্য আমেরিকানরা অনেক চাকুরীর সুবিধাও পেয়ে থাকে। এক পরিসংখ্যান থেকে দেখা যায়, শুধুমাত্র ট্রেডিং কাজের সাথে হাফ মিলিয়নেরও অধিক আমেরিকান কাজে নিয়োজিত রয়েছে। আমেরিকান পণ্যাদি রপ্তানী কাজে ৩৮৬৯০০ আমেরিকান চাকুরী করছে; আবার ১৮১৪০০ আমেরিকান সেবা খাত সমূহে চাকুরী করার সুযোগ পেয়েছে।
এসব বিবেচনায় এটা সত্যিকারভাবে বিবেচ্য যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো আমেরিকার বৃহৎ একটা- বাজার। এ বাজার হাত ছাড়া হলে আমেরিকার অর্থনীতির চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা-ত্রিমুখি বাজার। যেমন, আমেরিকান পণ্য-সেবা ইত্যাদি রপ্তানি করছে ঐ দেশগুলোতে, আবার ঐ দেশগুলো থেকে প্রয়োজনীয় পণ্যাদি আমদানী করছে যার পরিমাণ-আমেরিকা বিদেশ থেকে সর্বমোট যা আমদানী করে তার ৭.৩% শতাংশই ওখানকার দেশগুলো থেকে করে থাকে। আর তৃতীয়টা হলো ঐ অঞ্চলে আমেরিকানদের চাকুরীর বাজারও সৃষ্টি হয়েছে। এ সুযোগগুলো আছে বলেই আমেরিকা এই বাজার হারাতে চাইবে না কোনো অবস্থাতেই।

অন্যদিকে, চীনের উত্থান মোকাবেলার জন্য দক্ষিণ চীন সাগর আমেরিকার জন্য অপরিহার্য। এ সাগরের ওপর চীনের একাধিপত্য প্রতিষ্ঠিত হলে গোটা এশিয়ায় আমেরিকার অবাধ প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যাবে এবং অত্রাঞ্চলে আমেরিকান মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার বিঘœ ঘটবে এবং আমেরিকানদের ভাষ্য মতে, এতে আমেরিকান জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে; এশিয়ায় আমেরিকান বৃহৎ শক্তির অবনমন ঘটবে। তাই চীনা ডমিন্যান্স বা প্রভাব রুখে দেবার জন্য আমেরিকা তার মিত্র ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামকে সঠিক সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
অন্যদিকে, চীনের পররাষ্ট্রনীতি এখন তার প্রতিবেশি দেশগুলোর ওপর নিবদ্ধ। আসিয়ান দেশগুলোর সাথে আমদানী রপ্তানী বাণিজ্য আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের কারণে চীনের সবচেয়ে বৃহৎ ট্রেডিং অংশীদার এখন আসিয়ানভুক্ত দেশগুলো। চীন এখন আঞ্চলিক জলপ্রবাহের সামরিকায়নই করছে না, বরং তার বি.আর.আই প্রজেক্টের মাধ্যমে আসিয়ানের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করে ঐসব দেশগুলোকে চীনের ডমিন্যান্স মেনে নিতে উৎসাহিত করছে। অর্থাৎ চীন তার অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ঐ দেশগুলোকে তার আনুগত্যে নিয়ে আসতে চাইছে। এক্ষেত্রে আসিয়ানভুক্ত ১০ রাষ্ট্রের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম, এ চার দেশ অবশ্য চীনের উত্থানকে রুখে দেবারই পক্ষপাতি। অন্যগুলো চীনের পক্ষেই অবস্থান নিয়েছে।
চীনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা/ সংগঠন, প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে চীনের বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ নিশ্চিত করা, পার্টিকুলারলি আসিয়ান এর অন্তর্ভূক্ত। জোর করে নয়, স্বাভাবিক উপায়ে চীনের প্রতি আনুগত্য আদায় করার নীতি- যার মূলেই হলো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা। অর্থ নেবে-সহযোগিতা ও আনুগত্য দেবে-এমন নীতি নিয়েই চীন এগিয়ে চলছে। বিশেষজ্ঞরা এ নীতিকে সিনিসাইজেশন ধারণা বলে অভিহিত করেছেন। অর্থাৎ চীনাকরণ নীতি বলে গণ্য করা হয়।
যা হোক, মূল কথা হলো; দক্ষিণ-পূর্ব এশিয়ায় আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে দুই বৃহৎ শক্তি এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত এবং এক সময় এর পরিণতি সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ভয় করছেন বিশেষজ্ঞরা।
লেখক : আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.