জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের সাজা ও অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। আদালত আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। এ দিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। রাষ্টপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানির সময় চান। আদালত দুপক্ষের শুনানি শেষে কাল আবার শুনানির জন্য রাখেন। শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামালসহ অর্ধশতাধিক আইনজীবী। এসময় বিএনপি নেতা মঈন খান, হাবিব -উন-নবী খান সোহেল ও আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
শুদ্ধস্বর/এইচ বি

