এডিস মশামুক্ত ওয়ার্ড কমিশনারদের পুরস্কার দিবে সরকার

পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এডিস মশামুক্ত ওয়ার্ড ও কমিশনারদের পুরস্কৃত করা হবে।

রবিবার আজিমপুর দক্ষিণ কলোনি মাঠে মশক নিধন ক্রাশ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন ও যারা আক্রান্ত তাদের জন্য দুঃখ প্রকাশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিধনে সরকারের সব সংস্থাসহ দুই সিটি করপোরেশন ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করছে। শিগগিরই এর থেকে আমরা পরিত্রাণ পাবো। একই সঙ্গে এডিস মশামুক্ত ওয়ার্ড ও কমিশনারদের পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের বা আতংকের কোনো কারণ নেই। সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত এর প্রার্দুভাব বেশি দেখা যায়। সেপ্টেম্বর মাস থেকে এমনিতেই কমে আসবে। তাই এসময়ে বাড়ির আশেপাশে, ফুলের টব, বাড়ির ছাদে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তিনি প্রতিমুহূর্তের খোঁজ খবর নিচ্ছেন বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, তার নির্দেশ অনুযায়ী সবাই কাজ করছেন। এর অংশ হিসেবে গত ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ঢাকাসহ সারাদেশে একযোগে মশক নিধন সপ্তাহ পালন করা হচ্ছে। এডিস মশার প্রার্দুভাব যাতে বৃদ্ধি না পায় সেজন্য ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। যা দুই সিটি করপোরেশনে আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া এডিস মশা প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা বাড়াতে কাজ করতে বলা হয়েছে।

আর যেন কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা না যায়, এ বিষয়ে হুঁশিয়ারি করে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সিটি করপোরেশন ও ওয়ার্ড কমিশনাররা নিজেদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন। কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। যার ওয়ার্ড যতো বেশি পরিচ্ছন্ন ও এডিস মশামুক্ত থাকবে তাদের পুরস্কৃত করা হবে। এজন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মকর্তা দিয়ে পরীক্ষা করে সেরা ওয়ার্ড ও কমিশনার নির্বাচন করবো। যা আগামী নির্বাচনে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.