বিশ্বের প্রায় সব দেশেই এখন পুঁজিবাদীদের একটা রমরমা অবস্থা চলছে। তবে এটা বলতেই হবে, বিশ্বের অন্যান্য পুঁজিবাদী দেশের পুঁজিবাদীদের তুলনায় আমাদের দেশের পুঁজিবাদীরা মনে হয় এচটু বেশিই শক্ত বা শক্তিশালী! এর পিছনের মূল কারণ হাজারটি থাকতে পারে তবে একটি কারণ নিশ্চিত করেই বলা যায়, সেটি হচ্ছে গণতন্ত্র । প্রশ্ন হতে পারে, পুঁজিবাদ আর গণতন্ত্র তো মূলত একে অপরের জাত শত্রু হওয়ার কথা। কেননা গণতন্ত্রের মৌলিক সংজ্ঞায় যা উল্লিখিত আছে সেটা গ্রহণ করলে তো আর পুঁজিবাদের চিহ্ন থাকার কথা না । গণতন্ত্র তো অধিকারের কথা বলে, পুঁজিবাদ তো সরাসরি শোষণের চরিত্র বহন করে। সুতরাং সাধারণভাবে দেখলে তো শোষণের চরিত্র নিয়ে পুঁজিবাদ গণতান্ত্রিক দেশে বিলিন হয়ে যাবার কথা। কিন্তু মজার বিষয় হলো এই পুঁজিবাদ গণতান্ত্রিক দেশগুলোতে বেশ শক্তিশালী অবস্থান নিয়েই আছে। আমাদের দেশেও এর বিপরীত কিছু নয়।
তবে লক্ষ্য করলে দেখা যায়, বিশ্বের মোড়ল দেশগুলোতে পুঁজিবাদীদের যতটাই চড়ন ভূমি হোক না কেন, তারপরেও ওদেরকে একটা নিয়ন্ত্রিত রেখার মাঝে দিয়ে পুঁজিবাদের চর্চা করতে হয়। ব্যতিক্রম উদহারণ অবশ্যই আছে, তবে তারচেয়েও বেশি ব্যতিক্রম চরিত্র আমাদের দেশে, এটা জোর গলায় বলা যায় । আমাদের দেশে পুঁজিবাদ দিন দিন জিরাফের মত লম্বা আর শক্ত ঘাড়ে পরিনত হচ্ছে ।
বিশ্বের বড় বড় গণতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলোতে পুঁজিবাদীরা শোষন করে অনেক কিন্তু কোনো ভাবেই তারা সাধারণ জনগণের ঘাড়ে সিন্দাবাদের দৈত হয়ে চেপে বসতে পারে না। তাদের বড় ভয় বা সমস্যাটিই হচ্ছে গণতন্ত্রের সঠিক চর্চা নিয়ে । কেননা সত্যিকারের গণতান্ত্রিক ( চর্চার দিক দিয়ে ) দেশগুলোতে সেই গণতান্ত্রিক চর্চা দিয়ে ক্ষমতাসীন সরকারকে দুমরে মুছরে ফেলা যায়, আর সেখানেই পুঁজিবাদের বড় সমস্যা থাকে । এটার অনেক প্রমাণ বা উদহারণ আছে। সাম্প্রতিক কালে গণতন্ত্রের জ্যান্ত উদহারণ অষ্ট্রিয়া। নির্বাচিত যৌথ সরকারের এক দলের উগ্র আচরণের কারণে পুরো সরকারকেই সড়ে যেতে হয়েছে , বর্তমানে একটি আপত্কালীন সরকার নির্বাচন পর্যন্ত বহাল আছে ( এটা ভিন্ন কাহিনী)। আবার অন্যদিক দিয়ে নৈতিকতার বলিষ্ঠতার কারণে গণতান্ত্রিক দেশগুলোতে পুঁজিবাদীরা নৈতিকতার বেড়াজালে বেশ আঁটাকিয়ে থাকে বলা যায় । অনেক বড় বড় পুঁজিবাদী দেশ বিশ্ববাজারে অস্র বিক্রি করে পুঁজিবাদের মূল চরিত্র অর্থের সাম্যেটি নিজেদের মাঝে ঠিক রাখে বটে, তবে তা অবশ্যই সরকার কেন্দ্রীভূতভাবে পুঁজিবাদের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে। কোনো অবস্থাতেই সেই পুঁজিবাদ চরিত্র দেশের সাধারণ জনগণের মাঝে কোনো চাপ তৈরি করে না বা করতে পারে না । কেন করে না বা পারে না , তার উপসর্গ হলো সেই গণতন্ত্র ।
পুঁজিবাদ হোক বা ধ্বংসাত্মক বাদ হোক ( আপেক্ষিক অর্থে ) যখন একটি দেশে গণতন্ত্রের সঠিক চর্চা থাকে , তখন আর সেই চরিত্রটি জনমানুষের উপর চেপে বসতে পারে না। আমাদের দেশের মূল সমস্যাটিই হলো একটি সঠিক গণতান্ত্রিক চর্চা । আমি গণতান্ত্রিক আলোচনায় যাচ্ছি না, তবে এই গণতন্ত্রের অভাবে দেশে পুঁজিবাদীদের আগ্রাসন কতটুকুন হতে পারে সেটাই বিস্ময়কর বটে।
আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকায় দেখলাম দেশে পুঁজিবাদীদের দৌড়াত্ব! আড়ং বেশ পরিচিত ব্র্যান্ড দেশের বাজারে। প্রসঙ্গত, ” ৭৩০ টাকার পাঞ্জাবি ১৩০৭ টাকায় বিক্রি হচ্ছে “! একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে দেশের ” ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর “ এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার আড়ং আউটলেটে একটি অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে টাকার জরিমানা ও আউটলেটটি বন্ধ করে দেন আইন অনুযায়ী । বেশ ! এখানেই সেই পুঁজিবাদীদের লম্বাহাতের আঁচর পরে। এর কয়েক ঘন্টা পরেই আউটলেটটি খুলে যায় এবং উল্টো ম্যাজিসট্রেটকে স্বয়ং ” রাষ্ট্রপতির আদেশক্রমে “ সেই কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা থেকে খুলনায় ” সড়ক ও জনপথ” অধিদপ্তরে বদলি করা হয় !!!
প্রসঙ্গত বলেই আরো একটি ( অনেক উদহারণ আছ) স্বরণ করার জন্য বলি, গত দুমাস আগেই, নদী দক্ষল উদ্ধারে বিআইডব্লিউটিএর পরিচালককে এক নোটিসে মন্রনালয় ত্যাগ করতে বাধ্য করা হয় , সেই রাষ্ট্রপতির আদেশক্রমেই। এগুলো সবই সম্ভব হয় একমাত্র গণতান্ত্রিক চর্চার অভাবে। আবার বলি , পুঁজিবাদীরা যতই শক্তিশালী হোক না কেন , সঠিক গণতন্ত্রের চর্চা থাকলে সব কিছু এত সহজে করা সম্ভব হয় না।
এবার ছোট্ট করে ভোক্তা গোষ্ঠীর কথা বলতেই হয়। সবার মনে পরে নিশ্চয়ই গত বছর ” আপন জুয়েলার্স” এর কেলেঙ্কারির কথা। এখন প্রশ্ন হলো , আমরা সাধারন ভোক্তা গোষ্ঠী কি সেই আপন জুয়েলার্স কে পরিত্যাগ করতে পেরেছি ? উত্তর হলো না , পারিনি ! তাহলে ভোক্তা গোষ্ঠীকেও এখন ভাববার সময় হয়েছে , করণীয় কি হতে পারে । আমরা তো ধর্ম নিয়ে বেশ চর্চা করি। আমাদের ধর্মেই তো আছে , “তুমি অন্যায় কে প্রতিবাদ বা প্রতিরোধ যদি নাও করতে পারো , অন্তত মনে মনে ঘৃণা কর “- আল হাদিস। এবার ভোক্তারা নিজেরাই ভাবুন।
লেখার প্রতিপাদ্য যেহেতু গণতন্ত্র, তাই সরকারের দুইজন মহান ব্যক্তির কথা দিয়েই শেষ করি। সরকার দলিয় সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পর্যায়ক্রমে জনাব হানিফ ও কাদের সাহেব বেশ জোরেসরেই বলেছেন, ” দেশে এত অসৎ মানুষ ” ! প্রশ্ন করা যাবে কি , দেশের রাষ্ট্রপতি বদলির নির্দেশ দিয়ে কতটা সততার জন্ম দিলেন ? আর আপনারা নির্বাচন আর ভোট খেলায় কতটা গণতন্ত্র ঠিক রেখেছেন ? নাকি সাধারণ জনমানুষের সাথে ঠক করেছেন ? সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, শুনতে বেশ ভালো লাগে । তবে কি বলা যাবে , মাছের পচন মাথাতেই ধরেছে !!!

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

