বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের বাণীর প্রধান দিক হলো মৈত্রী বা সম্প্রীতি। তিনি বলেছেন, সকল মানুষ সমান, মানুষের মধ্যে কোন ভেদাভেদ নেই। তিনি মানুষের কল্যাণ প্রার্থনা করেছেন, চেয়েছেন সকল জীবের সুখ ও মঙ্গল। এ আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।
শনিবার (১৮ মে) সকাল পৌনে ১০টায় নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রা উদ্বোধনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এসব কথা বলেন।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির ব্যবস্থাপনায় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া প্রমুখ।
শান্তি শোভাযাত্রাটি নন্দনকানন ডিসি হিল থেকে লালদিঘীর পাড় হয়ে আন্দরকিল্লা-চেরাগী পাহাড়-জামালখান প্রেস ক্লাব ঘুরে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। ‘অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক’ স্লোগানে শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, পিকআপ, রিক্সা ভ্যানে গৌতম বুদ্ধের প্রতিকৃতি ও ব্যানার ফেস্টুন নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।
শুদ্ধস্বর/আইপি

