রাহুলের পদত্যাগের প্রস্তাবে সাড়া দিল না কংগ্রেস

কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবে সাড়া দিল না কংগ্রেস ওয়ার্কিং কমিটি। দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়ঙ্কা, মনমোহন সিংহ-সহ দলের শীর্ষ নেতৃত্বরা হাজির ছিলেন। সূত্রের খবর, দলের ভরাডুবির জন্য নিজের দায় স্বীকার করে নিয়ে বৈঠকে সকলের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন রাহুল। কিন্তু তাঁর সেই ইচ্ছাকে সরাসরি খারিজ করে দেন দলের সামনের সারির নেতারা। যদিও কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা দাবি করেছেন, রাহুল পদত্যাগ করেননি। এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফ থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি।

রাহুল কি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন না কি ওই পদেই থাকবেন, লোকসভার ফল প্রকাশের পর থেকেই এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। রাজনৈতিক মহলে সবচেয়ে বড় চর্চার বিষয় ছিল রাহুলের পদত্যাগের বিষয়টি। কিন্তু সেই জল্পনা-কল্পনা থামিয়ে দিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, বৈঠকে লোকসভা নির্বাচনে দেশ জুড়ে দলের ভরাডুবির বিষয়টি নিয়ে কাঁটাছেড়া বিশ্লেষণ হবে। কেন এমন ফল হয়েছে, কোথায় কোথায় ভুল-ত্রুটি ছিল—সবই আলোচনায় উঠে আসতে পারে এই বৈঠকে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.