রাজনৈতিক আবহাওয়া বলতে একটা কথা আছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আবহাওয়া আর রাজনীতি প্রায় একই চরিত্র বহন করে। আবহাওয়া কখন কি হবে যেমন নির্ধারণ করা মুশকিল, ঠিক রাজনীতিও বর্তমানে অনেকটাই তাই বলে প্রতীয়মান হয়, অন্তত আমাদের দেশে। অনেক সময় রাজনৈতিক আকাশে পূর্বাভাস মিলে , সেটা একাত্তরে মিলেছিলো আবার নব্বইয়েও। মাঝে দু একবারও বটে। তবে বর্তমানে রাজনীতি স্থির আছে বটে তবে ভিতরে কিন্তু গুমোট হাওয়া। সেই গুমোট হাওয়া সবাই টের পায় বলেই হয়তো অনেকে বীজ্ঞের মত বলে বেড়ায়, বর্তমান রাজনীতিতে হঠাত্ ঝড় উঠতে পারে। অন্যদিকে সরকারের দৃঢ় অবস্থান দেখে আবার বুঝা যায়, ঝড় যতই উঠুক না কেন , সরকার বেশ ভালোই প্রস্তুত, রাজপথের বিরোধী দলের সাথে গোল্লছুট খেলতে । আবার ভিন্ন ভাবে বলা যায়, এই সরকার আকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, মনে হয় রাজনৈতিক আকাশকেও ভালো কন্ট্রোলে রেখেছে।
রাজনীতিতে বর্তমানে বিএনপি বেশ গরম খিচুড়ি । খিচুড়ি বললাম, কেননা আমাদের রাজনীতিটাই আসলে একপ্রকার খিচুড়ি । এই খিচুড়ি যে কিভাবে রান্না হয়? কি ভাবে বিতরন হয়? এটা বুঝতে ডক্টরেট ডিগ্রিও মনে হয় অনেক কম। এর প্রধান কারণ হলো রাজনীতিতে সব সময় সব দেশেই একটু ঘুরিয়ে প্যাঁচিয়ে ভাষ্য থাকে, তবে আমাদের দেশের রাজনীতিবিদরা সেই প্যাঁচানো কথা তো বলেনই সাথে বলেন সরাসরি মিথ্যা কথা ! তাই বলছিলাম, আমাদের রাজনৈতিক খিচুড়ি যে কি খিচুড়ি বুঝা মুশকিল ।
আসল কথায় আসি, বিএপি এবং সংসদ। পানি ইতিমধ্যেই অনেকদুর গড়িয়েছে। বিএনপির তথাকথিত নির্বাচিতরা এখন সংসদ ঘরে। শুধু বাঁকি রইলো মির্জা সাহেব । তবে ওনার সংসদীয় আসনও আজকে সময় গড়িয়ে যাবার কারণে শূণ্য ঘোষনা করা হয়েছে। বাজারে এখন বড় প্রশ্ন মির্জা ফখরুল সাহেব কেন শপথ নিলেন না? উত্তর , বিশ্লষণ সবার মনগড়া চলছে। সঠিকটা কেউ ঠাউর করতে পারছে বলে মনে হয় না। আমিও না হয় সেই মনগড়ায় একটু সামিল হই।
মির্জা সাহেব গতকাল বলেছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তেই সংসদে যোগদান করা। আজকে আবার বললেন, দলের সিদ্ধান্ত । যতটুকু স্পেস্ সংসদে আছে এবং বাহিরে যতটা সম্ভব সেটার শতভাগ কাজে লাগানো। বলাই বাহুল্য প্রকাশ্যে দূর্বলতা । লক্ষ্যণীয় যে বন্দুকটি এমন নেতার ঘাড়ে প্রথম রাখলেন যে , যার ভাষ্য শোনা বর্তমান সরকার আইনের অদৃশ্য হাতের ছোঁয়ায় সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে! সুতরাং বলাই যায়, যারা বলেন বিএনপি রাজনীতিতে আওয়ামী লীগের কাছে শিশু বাচ্চা , তারপরেও আর কিছু বলার থাকে কি? রাজনীতিটা কে এখানে ভালো করলো? যে যত কথাই বলুক না কেন , নৈশভোটের পরে সংসদে বিএনপি কে শতভাগ জরুরি হয়ে পরেছে আওয়ামী সরকারের জন্য । দেশে না হয় জোর গলায় মিডিয়াকে মামু বানিয়ে সারাক্ষণ চক্ষুলজ্জার বালাই ছেড়ে বলাই যায়, সব ঠিক , সব ঠিক! সাথে আছে বিকে যাওয়া একপাল হুক্কা হুয়ার বিবেক বন্দি বুদ্ধিজীবি! এই বুদ্ধিজীবিরা আবার এতটাই বলতেন এবং সেই বলার মাঝে আবার বঙ্গবন্ধুর মত নেতাকে উদহারণ টেনে আনতেন, ” একজনও যদি নায্য কথা বলেন সেটাই গ্রহণ যোগ্য- বঙ্গবন্ধু “। বঙ্গবন্ধু কোন জায়গায় বলেছিলেন আর বিকে যাওয়া বুদ্ধিজীবিরা কোন জায়গায় বঙ্গবন্ধুর উদহারণ আনতেন ! কিন্তু তারপরেও পর থাকে, আন্তর্জাতিক ভাবেতো এত নিচে নামা বা তাদের কে গিলানো এত সহজ হয় না। সুতরাং প্রকাশ্যেই বুঝা যাচ্ছিলো সরকার কি চাচ্ছিলো। সেই বুঝ থেকেই স্পষ্টতর আইন আদালতকে হাতের মুঠোয় রেখে দাবার গুটির চাল বলেই মনে হচ্ছিলো এবং আজকে বলাই যায় সার্থকও বটে।
এই দাবার গুটি চালে স্বাভাবিক কারণেই খালেদা জিয়ার মুক্তি প্রসংগ যুতসই হয়ে আসে বলেই প্রতীয়মান হয়। বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যায়, মুক্তি চাও তো সংসদে যাও। শেষ অব্দি সবাই সংসদে কিন্তু যাকে বেশি প্রয়োজন ছিলো সেই মির্জা সাহেব কে আর নিতে না পারাটা আওয়ামী সরকারের একপ্রকার ব্যর্থতাই বলা যায় । মির্জা সাহেব কে নিতে পারলে জোর গলায় অন্তত বলা যেতো বিএনপির মহাসচিব তো সংসদে। এখন আবার সেই সকল বুদ্ধিজীবিদের বেশ আস্ফালন শুরু হয়ে গেছে ! মির্জা সাহেব কে নিয়ে নানান প্রশ্নের উত্থাপন । উনি ঠিক করেন নি, গণতন্ত্র (!) কে বৃদ্ধা আঙুল দেখালেন! অথচ কেউ সঠিক করে আঁচ করে বলতেও পারছে না , কেন মির্জা সাহেব সংসদে গেলেন না। আমিতো মনে করি আওয়ামী সরকার এখানেও রাজনৈতিক খেলায় একটু পিছিয়ে পড়লো।
সেই সকল বুদ্ধিজীবিরা আবার এখন ঘুরিয়ে প্যাঁচিয়ে তারেক জিয়া আর মির্জা ফখরুল সাহেবের মাঝে নেতৃত্বের দন্দ আছে বলে প্রচার চালিয়ে বিএনপির মাঝে একটি নেতৃত্বের দোদুল্যতা তোলার চেষ্টায় লিপ্ত, কেবল রাজনৈতিক ফয়দা লোটার জন্য! আমার নিজের প্রথম উপলব্ধি থেকে বলছি, মির্জা ফখরুল দলের মহা সচিব হিসেবে সংসদে না গিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছেন দলের বৃহত্তম স্বার্থে। একদিকে সংসদে যাওয়া ছাড়া বিএনপির যেমন উপায় ছিলো না, কেননা যারা নির্বাচিত বলে বিবেচিত হয়েছে তাদের ভায্য অনুয়ায়ী এলাকায় জনগণের চাপ আছে বা তাদের সংসদে যাবার ইচ্ছা আছে অথবা ধীরে ধীরে সবাই চলেই যেতো বলে ধারণা হচ্ছিলো। ঠিক উল্টো দিকে মির্জা ফখরুল ইসলাম দলের মহাসচিব হয়ে না গিয়ে নিজের আদর্শ এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ বেশ ভালো ভাবেই করলেন। এতে করে দলের লোকজনের মির্জা ফখরুল ইসলামের প্রতি সমর্থন বাড়বে বই কমবে না । এতে করে দলকে শক্তিশালী ভাবেই সংগঠিত করতে পারবেন এবং মাঠের রাজনীতি যা কিনা বিএনপির জন্য প্রয়োজনীয় বেশি সেটার প্রতি ভালো নজর দিতে পারবেন।
আওয়ামি / বিএনপির এই সংসদ সংসদ খেলায় ধারণা করি টেবিলে নিশ্চয়ই একটি সমাধান যোগদানের পূর্বেই হয়েছে। তারপরেও এই রাজনৈতিক কৌশল বা খেলায় সার্বিক বিবেচনায় বলা যায়, খালেদা জিয়া অতি সত্বর জেল থেকে মুক্তি পাচ্ছেন না । সাধারণ ভাবনায় বলাই যায়, এতে করে দুদলেরই একটু সাবধানতা লাগবে। কেননা এখন যদি আজ কাল খালেদা জিয়া মুক্তি পান, তাহলে আওয়ামী সরকার প্রশ্নের সম্মুখীন হবে আইন আদালতের হস্তক্ষেপ নিয়ে । আবার অন্যদিকে বিএপিও আঁতাতের প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে বলাই যায়, ধীরে ধীরে সময় দিয়ে আদালতের মাধ্যমেই মাননীয় খালেদা জিয়ার মুক্তি হতে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদরা আবার অতি কৌশলি কিনা , জনগণকে ফাঁকি দিতে চান বরাবর। তবে পরিষ্কার ভাবে বলি , সামনে এমনটিই ঘটবে এবং যা জনগণ ইতিমধ্যেই ধারণা করে।
লেখার শেষে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতির একটা প্রশংসা না করলেই নয়।এই লেখা যখন লিখছি তখন এই ইউরোপে গভীর রাত , এই গভীর রাতে আজকের অনলাইন পত্রিকার খবর সংসদে বিএনপির পাঁচজন সাংসদকে আওয়ামী সরকার সংসদীয় স্থায়ী কমিটিতে নিযুক্ত করেছে। বলতেই হয় প্রশংসনীয় উদ্যোগ । রাজনীতি তো এমনটিই হবার কথা। আমরা সাধারণ জনগণ সব সময় চাই আমাদের দেশে রাজনীতিতে একটা সুষ্ঠুধারা প্রতিষ্ঠিত হোক। দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরতো হতে চললো, আর কত?

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

