বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল-কায়েদা সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের যে তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। এই হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। হুমকির ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমকি পাওয়া তিন নাগরিকের মধ্যে রয়েছেন- মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।
এ বিষয়ে সুলতানা কামাল শনিবারই নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ রবিবার বেলা সোয়া ১টার দিকে একই থানায় জিডি করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে দুপুরে মুনতাসীর মামুনের একজন অফিস সহাকরী এসে জিডি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.