প্রসঙ্গ বিএনপির রাজনীতি, তীরে তীরে নৌকা রেখে ভরা নদী পাড়ি দেয়ার ব্যর্থ চেষ্টা

প্রত্যেক গণতান্ত্রিক দেশেই বিরোধী দল থাকে, বাংলাদেশেও আছে, কিন্তু তাদের গন্তব্য কোথায় তা আজও স্পষ্ট নয় । দেশে বিরোধী দল বলতে বোঝায় বিএনপিকে, গত নির্বাচনে সরকারী কৌশলের কাছে দলটি পরাজিত হয়েছে শোচনীয় ভাবে, তারপর থেকে দলটি অনেকটা দিক বিভ্রান্ত জাহাজের মতো কূলকিনারাহীন সাগরে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া জেলে, দ্বিতীয় নেতা পরবাসে । এই দুই শীর্ষনেতার  অনুপস্থিতিতে দলটি একটি আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাদের নেতারা কোন শক্ত কর্মসূচী দিতে ভয় পাচ্ছে , কেন্দ্রীয় নেতা সহ তৃণমূল নেতাকর্মীরাও মামলায় বিপর্যস্ত । তারা মনে করে আবার কোন শক্ত কর্মসূচী দিলে  ব্যাপক ধরপাকড় হবে অবশিষ্ট যেসব নেতাকর্মী বাইরে আছে তাদের ঠিকানা হবে জেলখানায়, নেতারাও প্রায় প্রত্যেকেই জামিনে আছে তাদের জামিনও বাতিল হবে । এই অবস্থার জন্যই তারা তাদের কর্মসূচী নিরীহ মানব্বন্ধন, প্রেসক্লাবের ভেতর আলোচনা সভা এবং বর্তমানে ইফতার পার্টির মধ্যে সীমাবদ্ধ রেখেছে । কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখার জন্য এইসব মানব্বন্ধনে বা সভায় আন্দোলনের কিছু ফাঁকা হুঙ্কারও ছাড়েন  মাঝে মধ্যে । তাদের প্রতি তাদের মিত্ররা আস্থা হারাচ্ছে, জাতীয় ঐক্যফ্রন্ট অনেকটা অস্তমিত সূর্য, ২০ দল অনেকটা নয় পুরোটাই অকার্যকর, আন্দালিব পার্থ জোট ছেড়েছে, কর্নেল অলি অনেকটা বিরক্ত হয়ে বলেছেন আপনারা না পারলে আমার নেতৃত্বে আসেন । জাতীয় ঐক্যফন্টের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না বিএনপিকে কিছু একটা  করার জন্য অবিরাম  আহ্বান জানিয়ে যাচ্ছেন , কিন্তু বিএনপি সেই আহ্বানে সাড়া দেয়ার প্রয়োজন মনে করে জাতীয় ঐক্যফ্রন্টের সভা পর্যন্ত ডাকছে না । বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে অস্বাভাবিক স্থবিরতা যা অতীতে কখনও দেখা যায় নি । এই অচলবস্থা কিভাবে কাটবে তা কোন জ্যোতিষীরাও বলতে পারবে না । অন্যদিকে দেশের অর্থনীতিতে বিরাজ করছে চরম নৈরাজ্য, শেয়ার মার্কেটে ধ্বস, কৃষকের ধানের প্রকৃত মূল্য না পাওয়া, সামাজিক অনাচার  অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকারও স্বস্তিতে নেই ।বিরোধী দলের  আন্দোলন সংগ্রাম না থাকলেও অন্যান্য আভ্যন্তরীণ সঙ্কট ক্রমশই প্রকট হচ্ছে , একটি সামাল দিলে আরেকটি সঙ্কট সামনে এসে যাচ্ছে এ অবস্থায় বিরোধী দলের জন্য রাজনীতির মাটি উর্বর থাকলেও তারা বীজ ফেলতে পারছে না , তারা তীরে তীরে নৌকা রেখে ভরা নদী পাড়ি দিতে চাচ্ছে যা কখনওই সম্ভব নয় ।

হাবিব বাবুল

প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.