পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেল জয়ী হয়েছে। কাওরান বাজারে বিজিএমইএ ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেন গার্মেন্ট মালিকরা। বিজিএমইএ’র ১ হাজার ৯৫৬ ভোটারের মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নিহাদ কবীর জানিয়েছেন।
২০১৫ সালে দুই প্যানেলের সমঝোতায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০১৯-২১ মেয়াদে সভাপতি হবেন ফোরাম থেকে। সেই অনুযায়ী ফোরামের শীর্ষ নেতারা সভাপতি পদের জন্য মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে নির্বাচিত করেছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। এরপর ১৮ই এপ্রিল মূল কমিটির নির্বাচন এবং ২১শে এপ্রিল দায়িত্ব হস্তান্তর।
এর আগে বিজিএমইএর পুরনো ভবন কাওরান বাজারের নুরুল কাদের অডিটরিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি এই নির্বাচনে পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নেন।

