নরসিংদিতে ট্রেন অবরোধ, ভাঙচুর

মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুট মিলসের টানা ৭২ ঘণ্টার শ্রমিক ধর্মঘট পালন করছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের তরোয়া এলাকায় হযরত কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুলের পাশে রেললাইনে আগুন দিয়ে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেসের একটি ট্রেন অবরোধ করে। এ সময় শ্রমিকরা ট্রেনের অন্তত ৫০টি দরজা-জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ৫ হাজার শ্রমিকের একটি বিক্ষোভ মিছিল তরোয়া এলাকায় রেললাইনে আগুন দিয়ে ট্রেন অবরোধের চেষ্টা করে। অল্প কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেছে। আমরা ঘটনার আধঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ৪৫ মিনিটি অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ইউএমসি জুট মিলস শ্রমিকরা জানান, ইতিপূর্বে বহুবার মাসব্যাপী নানা র্কমসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য চাওয়া মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করা হয়েছে। ধর্মঘটের অংশ হিসেবেই সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.