ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বৃটেন স্বচ্ছ, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান থাকা এক প্রত্যয়ী বাংলাদেশ দেখতে চায় বলে জানিয়েছেন, সফররত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। রোববার রাজধানীর এক হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে তিনি বলেন, আমরা প্রাণবন্ত বিতর্ক, উদ্দীপনাময় সুশীল সমাজ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে চাই। বৃটিশ মন্ত্রী তার বক্তৃতায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। জানান, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির আয়োজনে বৃটেনও অংশীদার হতে চায়। এ সময় মার্ক ফিল্ড বলেন, বন্ধু হিসাবে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবারও বলছি, এখানে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে তা গণতন্ত্রের মানদন্ড পুরণ করতে ব্যর্থ হয়েছে। ওই নির্বাচনের যত অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিষ্পত্তির আহ্বানও পূণর্ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, দেশে যদি স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান না থাকে তাহলে জনগণ তাদের আকাঙ্খা বা কাঙ্খিত পরিবর্তনে ভিন্ন পথ বেছে নিতে পারে।

