পনের বছর বয়সে ব্রিটেন থেকে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসে যোগ দেয়া শামীমা বেগমের স্বামী, যিনি একজন ডাচ নাগরিক, জানিয়েছেন তিনি চান তার স্ত্রী ও সন্তান তার সঙ্গে নেদারল্যান্ডসে ফিরে যাবেন।
আইএসের দখলকৃত এলাকায় শামীমা পৌঁছানোর কয়েকদিন পরই ইয়াগো রেইদিজক এবং শামীমার বিয়ে হয়।
এর আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল, আইএসে যোগ দেবার কারণে শামীমা দেশটির নাগরিকত্ব হারাতে পারেন।
তার নাগরিকত্বের বিষয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষের লেখা একটি চিঠি তার মায়ের কাছে ইতোমধ্যেই পাঠিয়ে দেয়া হয়েছে মেয়েকে জানানোর জন্য।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়াগো রেইদিজক স্বীকার করেছেন, তিনি আইএসের হয়ে যুদ্ধ করেছেন।
কিন্তু এখন তিনি স্ত্রী ও সদ্যজাত সন্তানের কাছে ফিরে যেতে চান।
২৭ বছর বয়সী মি. রেইদিজক এখন উত্তর পূর্ব সিরিয়ায় একটি কুর্দি বন্দি শিবিরে আটক আছেন।
নেদারল্যান্ডসে ফিরে গেলে আইএসে যোগ দেবার অপরাধে তাকে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা কোয়েনটিন সামারভিলকে তিনি বলেছেন, তিনি আইএস ছেড়ে দিয়েছেন এবং তিনি দাবী করেছেন তিনি আগেও এই দল থেকে বের হয়ে যেতে চেষ্টা করেছিলেন।
মি. রেইদিজক জানিয়েছেন, ডাচ গোয়েন্দা হিসেবে সন্দেহ করে রাক্কায় আইএস তাকে বন্দি করেছিল এবং তার ওপর ব্যাপক নির্যাতন চালায়।

