বনানীর অগ্নিকাণ্ডে নিহত ক্রিকেটার তুষারের দাফন , এলাকায় শোকের ছায়া

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। তরণ ক্রিকেটারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

নিহত তুষার উপজেলার ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে। এফআর টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন তিনি।

বিশ্বস্ত সূত্র জানায়, মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন তুষার। গেল চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন তিনি। গেল বৃহস্পতিবার ৯ তলার অগ্নিকাণ্ডে মারা যান। পরে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

পরিচয় শনাক্ত হওয়ার পর ওই দিন রাতেই তুষারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাড়িতে অসংখ্য মানুষ ভীড় জমান। তৈরি হয় শোকের আবহ। এদিন সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওর মরদেহ দাফন হয়।

তুষারের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.