ছাত্রদলও পুনঃনির্বাচন চায়

জাল ভোট, ব্যালট বক্স ছিনতাই, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার সকালে ডাকসু নির্বাচন বাতিল দাবিতে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ডাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করা নেতারা। কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ডাকসুর ফল প্রত্যাখ্যান করে বলেন, এটা ষড়যন্ত্রের নির্বাচন।ফল পরিকল্পিত। তাই এ ফল প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, সোমবার ডাকসুতে ভোট ডাকাতির যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনকে বাতিলের দাবি জানাচ্ছি আমরা। ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আওয়ামী লীগ সমর্থিত সব শিক্ষকের পদত্যাগ দাবি করছি। ডাকসু নির্বাচন পরিচালনায় যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি পুনর্গঠন করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।

পরে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টিএসসির দিকে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক), সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নানা অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেল প্রার্থীর ভোট বর্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর।নির্বাচনে ভিপি ও একটি সম্পাদকীয় পদ ছাড়া অন্য সব পদে জয় পায় ছাত্রলীগ। ছাত্রদল কোনো পদেই জয় পায়নি।

১১ হাজার ৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান প্রমুখ।

এ ছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.