একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নিঃ সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। এর দায় নির্বাচন কমিশনের নয়। অবশ্য নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া ওই দুটি দলের অভ্যন্তরীণ বিষয়।

আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসকের সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন পরিচালনার প্রধান হাতিয়ার হলো ভোটার। নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে আসার পর যাতে কোনো রকম অসুবিধার সস্মুখীন না হয় সে বিষয়টির প্রতি বিশেষ নজর রাখতে হবে।

সিইসি আরো বলেন, সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ নির্বাচনও শতভাগ মডেল নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালট পেপার বাক্সে ভরার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ভোট স্থগিত করা হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউছুপ। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তরিকুল আলম, পুলিশ সুপার মো. ইলিয়াশ শরীফ প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.