আমার অবুঝ মাইয়ার সামনে কোপাইয়া স্বামীর হাত-পায়ের রগ কাটছে

‘মোর স্বামীর কোনো অপরাথ নাই। হে নৌকা থুইয়া আনারস মার্কার পক্ষ করছে এই কারণে সন্ত্রাসীরা ঘর থেইকা ধাওয়া কইরা মাঠে ফালাইয়া কোপাইয়া মারছে। মুই দুই বছরের মাইয়া জান্নাতিরে বুকে লইয়া অগো পায়ে পইড়া কানছি। স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। মোরে সন্তানসহ লাথি দিছে। হেরপর আমার আর অবুঝ মাইয়ার সামনে কোপাইয়া স্বামীর হাত-পায়ের রগ কাটছে। স্বামীর সারা শরীরে অরা ৪২টা কোপ দিছে। হেরপর মাঠে ফালাইয়া রাইখা সন্ত্রাসীরা হুমকি দিয়া কইছে হাসপাতালে নিবি না জনি এইহানে মইরা থাকবে।

হাসপাতালে নিলে তোর মাইয়া আর তোরে এইরহমভাবে জানে মাইরা ফালামু। আমার স্বামীরে যারা চোখের সামনে মারছে হেগো বিচার করেন।’
বসতঘরের উঠানে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদার (২৫) এর লাশের পাশে বসে আহাজারি করছিলেন স্বামীহারা গৃহবধূ সাবিনা আক্তার (২০)।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জনি তালুকদারকে সোমবার সকালে বাড়ি থেকে ধাওয়া করে মাঠে ফেলে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে মাঠে ফেলে রাখে। পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বুধবার নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদারের লাশ বরিশালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকাল চারটার দিকে লাশ বাড়ির উঠানে আসলে শোকার্ত গ্রামবাসী ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা সেখানে সমবেত হন। এসময় নিহতের পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে লাশ নিয়ে যাওয়া হয় স্থানীয় গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে। জানাজার আগে সেখানে শোকসভা অনুষ্ঠিত হয়।  শোকসভায় বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ-উল-হক ও নিহত জনির চাচা স্বপন তালুকদার। শেষে নিহত জনির লাশ গুলিসাখালী বাজার সংলগ্ন বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.