বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগে মিয়ানমার সেনা সমাবেশ করার পর পতাকা বৈঠক করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এবং ঐ বৈঠকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে বলে মিয়ানমারকে।
দুই দেশের সীমান্ত এলাকার যে জিরো লাইনের ওপর কয়েক হাজার রোহিঙ্গা অনেকদিন ধরে আটকে আছে, সেখানে গত বৃহস্পতিবার থেকেই মিয়ানমারের সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
প্রতিবেশী দেশ দুটো যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোন সম্ভাবনা কিংবা আশঙ্কা অবশ্য বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা দেখছেন না।
দেশ দুটোর সামরিক শক্তির একটি পূর্ণাঙ্গ চিত্র আগে পাওয়া যায়নি। তবে সম্প্রতি বিশ্বের ১৩৩টি দেশের সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তির একটি ধারণা পাওয়া যাচ্ছে।

