কেমিক্যাল গুদাম চান না চুড়িহাট্টাবাসী

পুরনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে সোমবার। এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘটনাস্থলে কালো পতাকা নিয়ে শোক মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিকেলে চুড়িহাট্টা মোড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। চুড়িহাট্টা একতা সংঘ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশ নেন আগুনে নিহত ওয়াসি উদ্দিন মাহিদের চাচাতো ভাই সৈনিক। তিনি বলেন, ‘নিমতলী ট্র্যাজেডি থেকে আমরা কোনো শিক্ষা নেইনি। এ কারণে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গেছে। আমার চাচাতো ভাই মাহিদ ঘটনাস্থলেই মারা গেছে।’

সৈনিক আরও বলেন, ‘চুড়িহাট্টা এলাকায় কোনো কেমিক্যাল, রাসায়নিক ও কসমেটিকসের গোডাউন থাকবে না। এগুলো খুবই ক্ষতিকর, যেভাবেই আগুন লাগুক, এখানে রাসায়নিকের গোডাউনের কারণে আগুনের ভয়াবহতা বেড়ে গেছে। ৬৭ জন মানুষ মারা গেছে।’

স্থানীয় ভবন মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কোনো কেমিক্যাল গোডাউন ভাড়া দিবেন না। এখনও যদি কোনো ভবনে কেমিক্যাল, রাসায়নিকের গোডাউন থাকে, তবে সেগুলো সরিয়ে ফেলুন।’

স্থানীয় বাসিন্দা ও চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সুমন বলেন, ‘দাহ্য রাসায়নিকের করণে চুড়িহাট্টায় আগুনের ভয়াবহতা বেড়েছে। আমরা কেমিক্যাল গোডাউন ও কসমেটিকস গোডাউন এখানে আর চাই না।’

তিনি বলেন, ‘মাত্র ১০ শতাংশ কেমিক্যাল গোডাউনের কারণে ৯০ শতাংশ মানুষ বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, এটা মেনে নেয়া যায় না। এলাকার হোটেলগুলোতে সরকারি গ্যাস লাইনের সংযোগ চাই। গ্যাস সিলিন্ডার ব্যবহার করে হোটেলে রান্না করা বন্ধ করতে হবে।’

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আজফার উজ জামান সোহরাব বলেন, ‘এলাকা থেকে কেমিক্যাল গোডাউন উচ্ছেদ করতে হবে। কোনো কারণে কেউই যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কেমিক্যাল ব্যবসায়ীদের ক্ষতি চাই না। তারা ব্যবসা করবে করুক। কিন্তু, পাড়া-মহল্লার সাধারণ মানুষের ক্ষতি করে নয়। ব্যবসায়ীরা নদীর পারে চলে যাক, সেখানে গোডাউন করলে কোনো সমস্যা হবে না।’

মানববন্ধন শেষে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি আজগর আলী লেন দিয়ে চকবাজার হয়ে নন্দ কুমার দত্ত রোড ঘুরে আবার চুড়িহাট্টা মোড়ে এসে শেষ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.