সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে তিন দিনে ১৩৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এতে মোট আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা। তিন দিনে মনোনয়নপত্র জমা পড়েছে ৬০০। প্রতি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা।
শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। জমা দেয়া যাবে আগামী রোববার পর্যন্ত।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানসহ রাজনৈতিক নেত্রীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ছিল দলীয় মনোনয়ন বিক্রির তৃতীয় দিন। এদিন মোট ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর আগের দু’দিনে বিক্রি হয় ১০৬০টি মনোনয়নপত্র।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বৃহস্পতিবার সন্ধ্যায় যুগন্তরকে বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহে নারীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীকাল (শুক্রবার) শেষ দিন হওয়ায় এদিন উল্লেখযোগ্য সংখ্যক মনোনয়নপত্র বিক্রি হতে পারে।
বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন চিত্রনায়িকা নতুন, শাহানূর, সংবাদ উপস্থাপিকা জেনিফার ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী আলী রুবীসহ অনেকে।

