জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যাচ্ছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর ধানের শীষের প্রার্থীদের নিয়ে বৈঠক শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা দেড়টায়।

বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে বিকেল তিনটায় বিএনপি ও ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাবে। বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে ১৭৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে বিজয়ী পাঁচজন প্রার্থীও উপস্থিত ছিলেন। তাঁরা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশারররফ হোসেন ও জাহিদুর রহমান।

২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মনোনয়ন দেয়। বাকি দুটি আসনের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের শরিক এলডিপির অলি আহমেদ নিজ দলের প্রতীক ছাতা এবং কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.