আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে নাঃ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে আইনশৃঙ্খলা বাহিনী জনগ নিরাপত্তায় নিয়োজিত, বর্তমানে তারাই মানুষের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকালও সারা দেশে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটক করা হয়েছে।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশব্যাপী যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চলছে তাতে দেশবাসীর মধ্যে সর্বদা ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। দেশের বর্তমান পরিস্থিতি যেন কেউ দেখার নেই, শোনার নেই। প্রতিদিনই বাড়ছে খুন, গুম, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা।

রিজভী বলেন, আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয়। এ কারণে আইনের প্রয়োগের বদলে ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের প্রতাপে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।

আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো- নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। শিশুরা অপহৃত হচ্ছে, কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে রাস্তা-ডোবা-নালায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.