নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের রক্তমাখা পাঞ্জাবি ও চাদর নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তার মেয়ে অর্পণা রায় দাশ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গয়েশ্বরের ওপর হামলার পর থেকে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে ঐক্যফ্রন্ট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্না জড়ানো কণ্ঠে অর্পণা রায় দাশ এই অভিযোগ করেন। এ সময় তিনি সবার কাছে পরিবারের নিরাপত্তা চান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল সারাদেশে তারা সংখ্যালঘু নেতাদের ওপর হামলা চালিয়েছে।’

স্বেচ্ছাসেবক লীগের কেরানীগঞ্জ থানার সভাপতি মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা গয়েশ্বরের ওপর হামলা হয়েছে উল্লেখ করে অর্পণা রায় বলেন, ‘হামলার সময় বাবা নিরাপত্তার জন্য ফার্নিচারের দোকানে অবস্থান নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.