সেনাবাহিনী কোন দলের নয়, কোন জোটের নয়। সেনাবাহিনী কোন পক্ষে যাবে না। তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূইয়ার আতাতুর্ক স্কুল মাঠে মহাজোটের লাঙ্গল প্রতীকের ফেনী-৩ আসনের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিনের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের প্রতিপক্ষকে উদ্দেশ্য বলেন, আপনারা ইসিকে বিতর্কিত করেছেন। বিচার বিভাগকে বিতর্কিত করেছেন। আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে বিতর্কিত করছেন। নির্বাচন কমিশন, পুলিশকে প্রশ্নবিদ্ধ করছেন। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হতে হয় এমন কোন কাজ বা মন্তব্য থেকে বিরত থাকবেন।
মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে কথার লোক, কাজের লোক না।

