ভোটের রাতে ঢাকার বিভিন্ন এলাকায় কেন্দ্রে কেন্দ্রে মহড়া দিয়েছেন নৌকা প্রতীকের সমর্থকরা। বুকে নৌকা প্রতীক এবং প্রার্থীর ছবিযুক্ত ব্যাজ পরে ৩০ থেকে ৪০ জনের একেকটি গ্রুপ কেন্দ্রের সামনে ঘোরাঘুরি করছেন। স্টিকারবিহীন মোটরসাইকেল নিয়েও তারা কেন্দ্রের আশেপাশে টহল দেন। নিয়ন্ত্রণ করছেন লোকজনকে। রিকশা থামিয়ে লোকজনকে জিজ্ঞেস করছেন গন্তব্যস্থল। সরেজমিনে ঢাকা-১৫, ১৬ এবং ১৪ আসনের একাধিক কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে। বৃহত্তর মিরপুর এলাকার ১৫ নং আসনের মনিপুরী স্কুল অ্যান্ড কলেজ, নর্থসাউথ স্কুল, মমতাজ আইডিয়েল স্কুল, মিরপুর আদর্শ স্কুলের সামনের সড়কে এবং প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে লোকজনকে ঝড়ো হতে দেখা গেছে। এরমধ্যে মমতাজ আইডিয়েল এবং মনিপুরী স্কুলের সামনে শতাধিক লোককে অবস্থান করতে দেখা যায়।

