শুদ্ধস্বর রিপোর্ট । নির্বাচন পরিচালনার জন্য সারাদেশে ৩০০টি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রন্টের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর সমন্বয় কমিটির সভায় এ কথা জানান তিনি, সমন্বয় কমিটির সভায় স্টিয়ারিং কমিটির নেতা আব্দুস সালাম, মোমিনুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার,ইকবাল সিদ্দিকি,মিলু চৌধুরী, শাহ আহমেদ বাদল, মাহাবুব মুকুল,কামাল উদ্দিন পাটোয়ারি, মাহাবুব মুকুল, হাবিবুর রহমান বীর প্রতীক, রাজু আহমেদ, নুরুল আবসার প্রমুখ নেতৃবৃন্দ ।
বরকত উল্লাহ বুলু বলেন, প্রতিটি সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি হচ্ছে। এই সমন্বয় কমিটির মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট হবে। ঢাকা শহরের প্রত্যেকটি অলি-গলি-পাড়াতে এবং সারাদেশে সংসদীয় আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির মাধ্যমে ভোট পরিচালনা হবে।
তিনি জানান, এরইমধ্যে প্রত্যেক জেলায় দায়িত্বশীল নেতার নামে চিঠি চলে গেছে। তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। যেহেতু জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক একটাই ধানের শীষ, তাই এখানে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। যেখানে যে ব্যক্তিটি উপযুক্ত, রাজনৈতিক অবস্থান যার শক্ত, তিনিই হবেন সমন্বয় কমিটির প্রধান।

