ড. কামাল আদর্শ বিসর্জন দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতার জন্য ড. কামাল হোসেন আদর্শ বিসর্জন দিয়েছেন।

আজ শনিবার বিকেলে ধানমন্ডিতে নিজ বাসভবনে ঢাকায় কাজীপুরের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, যাঁরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছেন, তাঁরা কীভাবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে হাত মিলাতে পারেন? দেশের মানুষ এঁদের কখনো ক্ষমা করবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা যেমন আমাদের স্বাধীনতাকে কখনোই মেনে নিতে পারেনি, ঠিক তেমনি তাদের বংশধরেরাও আমাদের স্বাধীনতার অস্তিত্ব মানে না। অথচ ড. কামাল হোসেনদের মতো কিছু তথাকথিত স্বাধীনতার সপক্ষের লোক আজ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কেবল ঐক্যই করেননি, তাদের ক্ষমতায় নেওয়ার জন্য ধানের শীষ মার্কায় নমিনেশনও দিয়েছেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশবাসীকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তাদের কেবল নির্বাচনেই নয়, দেশের সবকিছু থেকেই বয়কট করতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসী আবারও শেখ হাসিনাকে বিজয়ী করবে। দেশের মানুষ চক্রান্তকারীদের ভোট দেবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবার সতর্ক থাকতে হবে এবং সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। কারণ নির্বাচন ভন্ডুল করার গভীর চক্রান্ত এখনো অব্যাহত আছে। বিএনপিকে বলব, কোনো অজুহাতে নির্বাচন থেকে সরে যাবেন না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.